রাজ্য

তারকেশ্বর থেকে বাংলার জন্য একগুচ্ছ প্রকল্পের সূচনা, কৃষি-স্বাস্থ্য-পরিকাঠামোয় জোর প্রধানমন্ত্রীর

পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে হুগলির তারকেশ্বর থেকে রাজ্যের জন্য একাধিক কেন্দ্রীয় প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে কৃষি, গ্রামীণ উন্নয়ন, মৎস্য, পশুপালন ও স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত বিভিন্ন প্রকল্পের সূচনা করা হয়। কেন্দ্রের দাবি, এই উদ্যোগগুলি রাজ্যের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

কৃষকদের আর্থিক সহায়তার লক্ষ্যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি প্রকল্পের ২৩তম কিস্তির টাকা দেশের ৯.৪৪ কোটি উপভোক্তার অ্যাকাউন্টে পাঠানো হয়। একই সঙ্গে ডিজিটাল কৃষি মিশন, প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা এবং প্রধানমন্ত্রী ধান-ধান্য কৃষি যোজনারও আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। গ্রামীণ যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা-৩-এর আওতায় ৩১৫ কিলোমিটার দীর্ঘ ৪৯টি রাস্তা নির্মাণের কাজ শুরু করার ঘোষণা করা হয়।

মৎস্য ও পশুপালন ক্ষেত্রেও একাধিক নতুন উদ্যোগের সূচনা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জে আধুনিক মৎস্য বন্দর, বীরভূমের সাঁইথিয়ায় অত্যাধুনিক মৎস্য বাজার এবং নদিয়ার হরিঘাটায় ছাগল প্রতিপালনের জন্য বিশেষ ল্যাবরেটরি ও সিমেন ব্যাঙ্কের উদ্বোধন করা হয়। পাশাপাশি হাওড়ায় ৩০০ শয্যার রেল হাসপাতালের উদ্বোধন এবং হাউর ও রাধামোহনপুরের মধ্যে একটি ওভারব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী।

কৃষি, স্বাস্থ্য ও পরিকাঠামো ক্ষেত্রে এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে রাজ্যের গ্রামীণ অর্থনীতি, যোগাযোগ ব্যবস্থা এবং স্বাস্থ্য পরিষেবায় ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রীর তারকেশ্বর সফরকে ঘিরে ছিল উৎসবের আবহ। অনুষ্ঠানে তাঁকে বাংলার ঐতিহ্যের প্রতীক হিসেবে রসগোল্লা, জলভরা সন্দেশ, শিবলিঙ্গ ও ডোকরার দুর্গামূর্তি উপহার দিয়ে স্বাগত জানানো হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.