নির্মাণ ও পরিকাঠামো উন্নয়নে বিজেপি সরকারের প্রথম বাজেটে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। রাস্তা, সেতু, নদীবন্দরসহ বিভিন্ন ক্ষেত্রে বিপুল অর্থ বরাদ্দের পাশাপাশি রাজ্যে নতুন বিমানবন্দর নির্মাণের পরিকল্পনাও তুলে ধরেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। বাজেটে একসঙ্গে চারটি নতুন বিমানবন্দর তৈরির ঘোষণা বিশেষভাবে নজর কেড়েছে।
এতদিন পশ্চিমবঙ্গে বিমান পরিষেবার মূল ভরসা ছিল কলকাতা ও বাগডোগরা বিমানবন্দর। তবে বাগডোগরা থেকে সব গন্তব্যে সরাসরি বিমান পরিষেবা পাওয়া যেত না। সেই পরিস্থিতি বদলাতেই রাজ্যের চারটি জেলায় বিমানবন্দর গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বাজেটে জানানো হয়েছে।
অর্থমন্ত্রী জানান, আঞ্চলিক পর্যটনের বিকাশ এবং প্রত্যন্ত এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও শক্তিশালী করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের উড়ান (UDAN) প্রকল্পের আওতায় বিমানবন্দরগুলি চালু করার পরিকল্পনা রয়েছে।
বাজেট প্রস্তাব অনুযায়ী মালদহ, পুরুলিয়া এবং বালুরঘাটে নতুন বিমানবন্দর নির্মাণ করা হবে। পাশাপাশি কোচবিহারের বিদ্যমান বিমানবন্দরের সম্প্রসারণের কাজও করা হবে। এই প্রকল্পগুলির জন্য চলতি অর্থবর্ষে ১০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
এছাড়া কলকাতা বিমানবন্দরে যাত্রী চাপ ক্রমশ বাড়তে থাকায় বিকল্প ব্যবস্থা হিসেবে কল্যাণীতে দ্বিতীয় বিমানবন্দর গড়ে তোলার কথাও ঘোষণা করা হয়েছে।







