পশ্চিমবঙ্গে সম্প্রতি বিধানসভায় পাশ হওয়া গুণ্ডাদমন আইনকে ঘিরে রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হল। এই আইনকে সরাসরি সংবিধানবিরোধী বলে দাবি করে এর বিরুদ্ধে আইনি লড়াইয়ের পথে হাঁটার ইঙ্গিত দিল তৃণমূল কংগ্রেস। দলের রাজ্যসভার সাংসদ দোলা সেন জানিয়েছেন, আইনটি কার্যকর হলে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানানো হতে পারে।
বিধানসভায় পাশ হওয়া এই আইনে বলা হয়েছে, কোনও ব্যক্তিকে ভবিষ্যতে অসামাজিক বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকলে, পুলিশ সুপার বা তার ঊর্ধ্বতন আধিকারিকের রিপোর্টের ভিত্তিতে রাজ্য সরকার তাকে আটক করার নির্দেশ দিতে পারবে। পাশাপাশি, নির্দিষ্ট এলাকায় এক বছর পর্যন্ত প্রবেশে নিষেধাজ্ঞাও জারি করা যেতে পারে।
এই বিধান নিয়েই তীব্র আপত্তি তুলেছে তৃণমূল। দোলা সেনের অভিযোগ, এই আইনের মাধ্যমে প্রশাসনকে অতিরিক্ত ক্ষমতা দেওয়া হয়েছে, যার অপব্যবহারের আশঙ্কা রয়েছে। তাঁর বক্তব্য, বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই কোনও ব্যক্তির স্বাধীনতা কেড়ে নেওয়ার সুযোগ তৈরি হচ্ছে, যা গণতান্ত্রিক মূল্যবোধ ও সংবিধানের চেতনার পরিপন্থী।
তিনি আরও দাবি করেন, বিলটি এখনও রাষ্ট্রপতির অনুমোদন পায়নি। তবে অনুমোদন মিললেই আইনি লড়াই শুরু করবে তৃণমূল। সংসদের ভেতরে এবং বাইরে বিষয়টি নিয়ে বিরোধীদের একজোট হওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।
অন্যদিকে, রাজ্য সরকারের দাবি, সংগঠিত অপরাধ, দুষ্কৃতীচক্র এবং সমাজবিরোধী কার্যকলাপ রুখতেই এই আইন আনা হয়েছে। তবে বিরোধীদের অভিযোগ, আইনটির বিভিন্ন ধারা সাধারণ মানুষের মৌলিক অধিকারের উপর প্রভাব ফেলতে পারে।
রাষ্ট্রপতির অনুমোদনের পর আইনটি কার্যকর হলে, বিষয়টি সুপ্রিম কোর্টে গড়াতে পারে বলেই রাজনৈতিক মহলের একাংশের ধারণা।







