বিদেশ

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে স্কুল বন্ধ; বাড়ছে মৃত্যুর সংখ্যা

প্রচণ্ড গরমে নাজেহাল গোটা ইউরোপ। কোথাও তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি পেরিয়েছে, আবার কোথাও সেই সীমার কাছাকাছি পৌঁছে গিয়েছে। ফ্রান্স, জার্মানি, ইটালি, ব্রিটেন ও পর্তুগাল-সহ ইউরোপের অধিকাংশ দেশই এখন তীব্র তাপপ্রবাহের মুখে। সবচেয়ে সংকটজনক পরিস্থিতি তৈরি হয়েছে ফ্রান্সে। দেশের অর্ধেকেরও বেশি অঞ্চল ভয়াবহ গরমের দাপটে বিপর্যস্ত। পরিস্থিতি সামাল দিতে বহু স্কুল, কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই ৮৪৫টি স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে এবং প্রায় ১৮০০টি স্কুলে শুধুমাত্র সকালবেলায় ক্লাস চলছে।

সোমবার ফ্রান্সে চলতি তাপপ্রবাহ অতীতের বহু রেকর্ড ভেঙে দিয়েছে। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, বদো শহরে পারদ পৌঁছেছে ৪২ ডিগ্রি সেলসিয়াসে। মধ্য ফ্রান্সের পইটিয়ার্সে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪১.২ ডিগ্রি সেলসিয়াস। প্রশাসনের দাবি, তাপপ্রবাহের জেরে ইতিমধ্যেই দুই শিশুসহ ২০ জনের মৃত্যু হয়েছে। আগামী কয়েক দিনে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

এদিকে ইটালির ১২টি শহরে সর্বোচ্চ মাত্রার তাপপ্রবাহ সতর্কতা জারি করা হয়েছে। মিলান, ভেনিস, তুরিন, বলোগনা, ফ্লোরেন্স এবং রোমে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, বুধবারের মধ্যে সতর্কতাপ্রাপ্ত শহরের সংখ্যা বেড়ে ১৬-তে পৌঁছাতে পারে। তীব্র গরমের প্রভাব পড়েছে রোমের পরিবহণ ব্যবস্থাতেও।

জার্মানিতেও একই ছবি। গত কয়েক দিন ধরে দেশের বিভিন্ন এলাকায় তাপমাত্রা ৩৫ ডিগ্রির উপরে রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, খুব শীঘ্রই পারদ ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছাতে পারে। সেখানে তাপপ্রবাহের কারণে অন্তত পাঁচ জনের মৃত্যুর খবর মিলেছে। পাশাপাশি, ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরের পরিষেবাও আংশিকভাবে ব্যাহত হচ্ছে।

ব্রিটেনেও গরমের তীব্রতা ক্রমশ বাড়ছে। সোমবার দেশের বিভিন্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করেছে। কিছু এলাকায় তাপমাত্রা ৩৯ ডিগ্রি পর্যন্ত পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। বেলজিয়াম ও পর্তুগালেও তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.