পশ্চিম বর্ধমানের বারাবনির গৌরান্ডি এলাকায় শনিবার নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়, যখন ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময় বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর গাড়ি ও নির্বাচনী সভায় হামলার মামলায় ধৃত একসময়ের প্রভাবশালী তৃণমূল নেতা অসিত সিং, তাঁর ভাই বিশ্বজিৎ সিং এবং সহযোগী আকবর আলমকে ঘটনাস্থলে নিয়ে আসে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মামলার তদন্তের স্বার্থে ঘটনার পুনর্নির্মাণ (রি-কনস্ট্রাকশন) করতেই অভিযুক্তদের সেখানে আনা হয়। তবে অভিযুক্তদের দেখামাত্রই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দাদের একাংশ। পরনে হাফপ্যান্ট ও গেঞ্জি, খালি পা এবং কোমরে বাঁধা দড়ি— একসময়ের দাপুটে নেতার এই চেহারা ঘিরেই শুরু হয় উত্তেজনা।
স্থানীয়দের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে অসিত সিং ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে দাপট, অত্যাচার এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ ছিল। সেই ক্ষোভ থেকেই ঘটনাস্থলে উপস্থিত জনতা অভিযুক্তদের উদ্দেশে ‘চোর চোর’ স্লোগান দিতে শুরু করে। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষুব্ধ জনতার একাংশ চটি ছুড়ে মারার পাশাপাশি পুলিশের নিরাপত্তা বলয় ভেঙে ধৃতদের লক্ষ্য করে হাত তোলারও চেষ্টা করে। কয়েকজনের থাপ্পড়ও অভিযুক্তদের গায়ে লাগে বলে প্রত্যক্ষদর্শীদের দাবি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হয়। ব্যাপক নিরাপত্তার মধ্যেই ঘটনার পুনর্নির্মাণের কাজ সম্পন্ন করে অভিযুক্তদের সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।
ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত পুলিশ বা অভিযুক্তদের পক্ষ থেকে জনতার আচরণ নিয়ে কোনও পৃথক অভিযোগ দায়ের হয়েছে কি না, তা স্পষ্ট নয়। তদন্ত চলছে।






