খাস কলকাতায় নামী সুইমিং পুলে সাঁতার কাটতে নেমে মৃত্যু হল এক কিশোরের। ঢাকুরিয়ার একটি সুইমিং ক্লাবে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। মৃত পড়ুয়া দীর্ঘ প্রায় সাত বছর ধরে সাঁতার প্রশিক্ষণ নিচ্ছিল বলে জানা গিয়েছে। তা সত্ত্বেও কীভাবে সে জলে তলিয়ে গেল, তা ঘিরে তৈরি হয়েছে রহস্য। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
মৃত কিশোরের নাম সরিপ ঘোষ। বয়স আনুমানিক ১৬ বছর। শহরের একটি নামী স্কুলের একাদশ শ্রেণির ছাত্র ছিল সে। জানা গিয়েছে, প্রায় সাত বছর ধরে নিয়মিত সাঁতার কাটত সরিপ। সুইমার হিসেবেও তার পরিচিতি ছিল। প্রতিদিনের মতো শুক্রবারও নিয়ম মেনে ঢাকুরিয়ার ওই সুইমিং পুলে সাঁতার কাটতে নামে সে।
কিছুক্ষণ পর আচমকাই জলে তলিয়ে যেতে শুরু করে কিশোরটি। কিন্তু প্রথম দিকে বিষয়টি কারও নজরে আসেনি। প্রায় ১৫ মিনিট পর তাকে জলের মধ্যে থেকে উদ্ধার করা হয়। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য।
প্রায় সাত বছর ধরে সাঁতার কাটার অভিজ্ঞতা থাকা সত্ত্বেও কীভাবে সরিপ জলে ডুবে গেল, তা নিয়েই এখন উঠছে একাধিক প্রশ্ন। পরিবারের তরফে সুইমিং পুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগও উঠেছে। পুলে নিরাপত্তা ব্যবস্থা যথাযথ ছিল কি না, নজরদারিতে কোনও ঘাটতি ছিল কি না—তা খতিয়ে দেখা হচ্ছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।







