শিক্ষক দিবসেই বর্ণপরিচয়ের রচয়িতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুরের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। অভিযোগ, মূর্তিটি ভেঙে শুধু ক্ষতিগ্রস্ত করাই হয়নি, সেটিকে তুলে নিয়ে জঙ্গলের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। ঘটনায় স্বাভাবিকভাবেই ক্ষোভ ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে।
জানা গিয়েছে, বারুইপুর মহকুমা শাসকের দপ্তরের কাছে পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের বিদ্যাসাগর উদ্যানে ওই মূর্তিটি স্থাপন করা হয়েছিল। ২০২০ সালের ২৬ সেপ্টেম্বর সেখানে মূর্তিটি বসানো হয়। তৎকালীন কাউন্সিলর মুজাফ্ফর আহমেদ মূর্তিটির আবরণ উন্মোচন করেছিলেন।
স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, প্রতিদিনই এই পার্কে বহু মানুষ যাতায়াত করেন। কিন্তু দীর্ঘদিন ধরেই পার্কটির রক্ষণাবেক্ষণের অভাবে সেটি কার্যত জঙ্গলে পরিণত হয়েছে। এমনকী বিদ্যাসাগরের মূর্তিটির অবস্থাও ক্রমশ জরাজীর্ণ হয়ে পড়েছিল। প্রশাসনের নজরে বিষয়টি আসার পরেও কেন পুরসভার তরফে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি, তা নিয়েও প্রশ্ন তুলেছেন বাসিন্দারা।
এরই মধ্যে মূর্তি ভাঙচুর করে জঙ্গলে ফেলে দেওয়ার অভিযোগ সামনে আসায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে। কারা এই কাণ্ড ঘটাল, কী উদ্দেশ্যেই বা মূর্তিটি ভাঙা হল, তা এখনও পরিষ্কার নয়। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা। পাশাপাশি দ্রুত মূর্তিটি উদ্ধার করে সেটিকে ফের আগের জায়গায় স্থাপনের আবেদনও জানিয়েছেন তাঁরা।
উল্লেখ্য, এর আগেও বিদ্যাসাগরের মূর্তি ভাঙাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তীব্র বিতর্ক তৈরি হয়েছিল। ২০১৯ সালের মে মাসে অমিত শাহের রোড শো চলাকালীন বিদ্যাসাগর কলেজে থাকা বিদ্যাসাগরের একটি মূর্তি ভাঙার ঘটনা ঘটে। সেই সময় পড়ুয়াদের একাংশ অভিযোগ করেছিলেন, অমিত শাহের বিরুদ্ধে স্লোগান ওঠায় বিজেপি সমর্থকরাই মেজাজ হারিয়ে মূর্তিটি ভাঙচুর করেন।
ঘটনার তদন্তে নেমে পুলিশ ৫০টিরও বেশি ভিডিও ফুটেজ সংগ্রহ করেছিল। তবে কলেজের ভিতরের কোনও সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে আসেনি বলে জানা যায়। বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির উপর আঘাতের অভিযোগ তুলে তৎকালীন শাসকদল তৃণমূল বিজেপিকে নিশানা করেছিল। যদিও বিজেপির তরফে সেই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়।







