জেলা

অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ক্যাপিটাল এক্সপ্রেস, মুজনাই স্টেশনে জরুরি থামানো

আলিপুরদুয়ার, ২৭ জুন: বড়সড় দুর্ঘটনার
হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল গुवাহাটি-দানাপুর ক্যাপিটাল এক্সপ্রেস। শুক্রবার দুপুর ১২টা ২২ মিনিট নাগাদ হঠাৎ করেই ট্রেনটির ব্রেক সিস্টেমে ত্রুটি দেখা দেয়। ব্রেক থেকে ধোঁয়া বের হতে দেখে সঙ্গে সঙ্গে সতর্ক হন ট্রেনচালক এবং যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে ট্রেনটি তৎক্ষণাৎ মুজনাই স্টেশনে থামিয়ে দেওয়া হয়।

রেল সূত্রে জানা গিয়েছে, আলিপুরদুয়ার হয়ে গন্তব্য দানাপুরের দিকে যাচ্ছিল ট্রেনটি। পথে আচমকাই ব্রেক সিস্টেমে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। চালকের দ্রুত সিদ্ধান্তে সম্ভাব্য বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

ঘটনার পরে প্রায় এক ঘণ্টা ট্রেনটি মুজনাই স্টেশনে দাঁড়িয়ে থাকে। রেল কর্মীরা তড়িঘড়ি মেরামতির কাজ শুরু করেন এবং ব্রেক সিস্টেম সচল হলে ট্রেনটি ফের যাত্রা শুরু করে।

একজন যাত্রী বলেন, “ধোঁয়া উঠতে দেখে আমরা সকলেই আতঙ্কিত হয়ে পড়ি। মনে হচ্ছিল কিছু একটা বড় দুর্ঘটনা ঘটতে পারে। তবে চালকের দ্রুত সিদ্ধান্তে প্রাণে বাঁচলাম।”

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ব্রেক সিস্টেমে কীভাবে ত্রুটি তৈরি হল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.