জেলারাজনীতি

হিঙ্গলগঞ্জে বিজেপিতে ভাঙন! রূপমারিতে মেম্বার সহ শতাধিক কর্মীর তৃণমূলে যোগদান

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগেই রাজনীতির মঞ্চে বড়সড় রদবদল। উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের রূপমারিতে বিজেপিতে কার্যত ভাঙন ধরাল তৃণমূল কংগ্রেস। রূপমারী গ্রাম পঞ্চায়েতের বাঁশতলিতে আয়োজিত একটি জনসভায় বিজেপির প্রাক্তন পঞ্চায়েত সদস্য লিপিকা মাইতি সহ শতাধিক বিজেপি কর্মী তৃণমূলে যোগ দিলেন।

হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডলের হাত ধরেই এই যোগদান পর্ব সম্পন্ন হয়। উপস্থিত ছিলেন তৃণমূলের একাধিক শীর্ষস্থানীয় নেতৃত্ব। নতুন সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বিধায়ক জানান, “মানুষ বুঝতে পারছেন কে তাঁদের পাশে দাঁড়িয়েছে। বিজেপি শুধু বিভাজনের রাজনীতি করে, তৃণমূল কাজ করে।”

নতুনভাবে তৃণমূলে যোগদানকারী লিপিকা মাইতি জানান, “বিজেপির কোনও রকম উন্নয়নমূলক কর্মসূচি নেই। তৃণমূল সরকারের জনকল্যাণমূলক প্রকল্পই আমাদের কাছে আশার আলো।”

অন্যদিকে, এই যোগদানকে কটাক্ষ করতে ছাড়েননি হিঙ্গলগঞ্জ বিজেপির কনভেনার অভিজিৎ দাস। তিনি বলেন, “ঘটা করে তৃণমূলের লোক আবার তৃণমূলেই ফিরল। এরা আদৌ বিজেপিতে ছিল কি না, সেটা নিয়েও প্রশ্ন আছে।”

তবে এই ঘটনায় বিজেপির কার্যত ভাঙন প্রকাশ্যে চলে এসেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। একদিকে বিজেপির শিবিরে চাপা অস্বস্তি, অন্যদিকে তৃণমূল শিবিরে উচ্ছ্বাস— সব মিলিয়ে নির্বাচনের আগে হিঙ্গলগঞ্জে রাজনীতির পারদ চড়ছে চরমে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.