শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত অ্যাকশনধর্মী ছবি ‘কিং’ নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে প্রবল উত্তেজনা। মে মাসে ছবির শুটিং শুরু হয়েছে এবং প্রতিদিনই সামনে আসছে নতুন নতুন খবর। এবার শুটিং সেট থেকে এল একটি হৃদয় বিদারক তথ্য। জানা গেছে, ছবির একটি হাই-অক্টেন অ্যাকশন দৃশ্যের শুটিং চলাকালীন অভিনেতা রাঘব জুয়াল গুরুতরভাবে আহত হন। তিনি যে পায়ে আগে অস্ত্রোপচার করিয়েছিলেন, সেই পায়েই আবার আঘাত পান। সঙ্গে সঙ্গে সেটে থাকা মেডিকেল টিম তার চিকিৎসা শুরু করে এবং ব্যথা কমাতে শক্তিশালী ওষুধ দেওয়া হয়।
তবে, এত কিছুর পরেও রাঘব শুটিং বন্ধ করেননি। প্রচণ্ড ব্যথা নিয়েও দৃশ্যটি শেষ করেন এবং নিজের অংশের কাজ সম্পূর্ণ করেন। একটি সূত্র জানিয়েছে,”রাঘব প্রচণ্ড ব্যথায় ভুগছিলেন, কিন্তু তিনি বিরতি নিতে রাজি হননি। এর আগেও ‘কিল’ ছবির শুটিংয়ে একইরকম পেশাদারিত্ব দেখিয়েছিলেন তিনি।” ‘কিং’ ছবিতে রাঘবের চরিত্রটি এখনো গোপন রাখা হয়েছে, তবে বলা হচ্ছে এটি তাঁর কেরিয়ারের সবচেয়ে কঠিন ও চ্যালেঞ্জিং একটি চরিত্র।
ছবিটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ, যিনি তার স্টাইলিশ অ্যাকশন দৃশ্যের জন্য বিখ্যাত। প্রযোজনায় রয়েছেন শাহরুখ খান নিজেই। ছবির তারকাসমৃদ্ধ কাস্টে রয়েছেন শাহরুখ খান, সুহানা খান, রানি মুখার্জি, অভিষেক বচ্চন, অনিল কাপুর, দীপিকা পাড়ুকোন, জ্যাকি শ্রফ, জয়দীপ আহলাওয়াত, আরশাদ ওয়ার্সি, অভয় বর্মা এবং সৌরভ শুক্লা। প্রতীক্ষিত এই ছবিতে রাঘবের এমন পেশাদার আচরণ আরও একবার প্রমাণ করল যে তিনি শুধু নাচেই নন, অভিনয় ও অ্যাকশন দৃশ্যেও সমান দক্ষ। ছবিটি মুক্তি পাওয়ার আগেই ইতিমধ্যেই আলোচনার শীর্ষে। এখন শুধু অপেক্ষা, বড়োপর্দায় ‘কিং’-এর রাজকীয় আগমনের।







