উত্তর ২৪ পরগনার কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের কাঠালিয়া গ্রামে ফের রাজনৈতিক সংঘর্ষ। সম্পত্তিগত বিবাদকে কেন্দ্র করে মুখোমুখি আইএসএফ ও তৃণমূল। হাতাহাতি থেকে বাঁশ-লাঠি নিয়ে খোলাখুলি সংঘর্ষ—শেষমেশ মাথা ফাটলো আইএসএফ পঞ্চায়েত সদস্য রফিক আলী ও তৃণমূল কর্মী আবু বক্কারের।
স্থানীয় সূত্রে জানা গেছে, এক জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল দুই রাজনৈতিক দলের নেতার মধ্যে। সেই বিরোধ এদিন হঠাৎই রূপ নেয় হিংসাত্মক সংঘর্ষে। দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে মারধর, হামলার অভিযোগ এনেছে।
আহত রফিক ও আবুবক্করকে ছোট জগুলিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। কিন্তু হাসপাতাল চত্বরে পৌঁছানোর পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, রফিক আলীর সমর্থকরা লাঠিসোটা নিয়ে তৃণমূল কর্মীর উপর ফের চড়াও হয়। পাল্টা আইএসএফের পক্ষ থেকে অভিযোগ করা হয়, হাসপাতালে আসার পথে ওখানেও তৃণমূলের লোকজন তাঁদের উপর আক্রমণ করে।
এই ঘটনাকে ঘিরে ছোট জগুলিয়া গ্রামীণ হাসপাতালে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রোগী ও অন্যান্য সাধারণ মানুষ আতঙ্কে পড়ে যান। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় দত্তপুকুর থানার পুলিশ। উত্তপ্ত পরিবেশ নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ বাহিনী।
এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার না হলেও তদন্ত শুরু করেছে পুলিশ। রাজনৈতিক সংঘর্ষের জেরে ফের একবার উত্তপ্ত হল উত্তর ২৪ পরগনার গ্রামীণ এলাকা।







