দুষ্কৃতী দমনে এবার বড়সড় উদ্যোগ হাওড়া গ্রামীণ পুলিশের। বুধবার আমতা-রোডের রানিহাটি মোড় থেকে মানিকপীর পর্যন্ত প্রায় দশ কিলোমিটার রাস্তাজুড়ে ২৫টি গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হল সিসিটিভি ক্যামেরা। আনুষ্ঠানিকভাবে এই নজরদারি ব্যবস্থার উদ্বোধন করেন হাওড়া গ্রামীণ জেলার পুলিশ সুপার সুবিমল পাল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি পি আর গোয়েঙ্কাও।
পাঁচলা থানার অধীনে পড়লেও এই পথটি জগৎবল্লভপুর থানা এলাকার দুষ্কৃতীদের গতি রুখতেও কার্যকরী হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই পদক্ষেপের ফলে এলাকায় অপরাধ রোধে যেমন সুবিধা হবে, তেমনি উৎসবের মরশুমে নিরাপত্তা ব্যবস্থাও আরও মজবুত হবে বলে মত পুলিশ সুপারের।
এদিন এক সাংবাদিক সম্মেলনে সুবিমল পাল জানান, “গ্রামীণ এলাকায় সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ ধারাবাহিকভাবে চলবে। উৎসবের আগে নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতেই এই সিদ্ধান্ত।” শুধু নজরদারি নয়, পরিবেশ সচেতনতার দিকেও নজর দিচ্ছে হাওড়া গ্রামীণ পুলিশ। এদিন কয়েক হাজার চারা গাছ বিভিন্ন থানায় পাঠানো হয়, যা কয়েকটি স্কুলে বিতরণ করা হবে। পুলিশ সুপারের কথায়, “গাছগুলির বৃদ্ধি নিয়মিত পর্যবেক্ষণের ব্যবস্থাও নেওয়া হবে।”
এই দুই উদ্যোগেই স্পষ্ট, হাওড়া গ্রামীণ পুলিশ এখন শুধু আইনশৃঙ্খলা নয়, সামাজিক ও পরিবেশগত দায়িত্ব পালনের দিকেও সমান গুরুত্ব দিচ্ছে।







