চাকরি

সুপ্রিম কোর্টের নির্দেশে স্থায়ী চাকরি পেলেন ৬ কর্মী, দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান

দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটিয়ে শিক্ষা দপ্তরের অধীনে কর্মরত ৬ জন অনিয়মিত কর্মীর চাকরি নিয়মিত করা হল। সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করে বুধবার তাঁদের হাতে নিয়মিতকরণের সরকারি নথি তুলে দেয় সংশ্লিষ্ট দপ্তর।

জানা গিয়েছে, ওই কর্মীরা বহু বছর ধরে শিক্ষা দপ্তরের সেকেন্ডারি এডুকেশন শাখায় ডেইলি রেটেড ওয়ার্কার (ডিআরডব্লিউ) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। চাকরির স্থায়ীকরণের দাবিতে তাঁরা প্রথমে উচ্চ আদালতের দ্বারস্থ হন। কিন্তু রাজ্যে এ ধরনের কর্মীদের নিয়মিত করার কোনও কার্যকর সরকারি প্রকল্প না থাকায় তাঁদের আবেদন খারিজ হয়ে যায়।

পরে আরও দুই সহকর্মীকে সঙ্গে নিয়ে মোট ৮ জন কর্মী সুপ্রিম কোর্টে বিশেষ অনুমতি আবেদন (এসএলপি) দায়ের করেন। চলতি বছরের ফেব্রুয়ারি-মার্চে শীর্ষ আদালত মামলার শুনানি শেষে রাজ্য সরকারকে তিন মাসের মধ্যে সংশ্লিষ্ট কর্মীদের নিয়মিত করার নির্দেশ দেয়। আদালত পর্যবেক্ষণে জানায়, দীর্ঘদিন ধরে নিয়মিত প্রকৃতির কাজ করেও শুধুমাত্র কোনও প্রকল্প বাতিল হয়ে যাওয়ার অজুহাতে কর্মীদের স্থায়ী পদ থেকে বঞ্চিত করা যায় না।

সেই নির্দেশ মেনেই এবার ৬ জন কর্মীর হাতে নিয়োগ নিয়মিতকরণের নথি তুলে দেওয়া হয়েছে। তবে মামলার বাকি দুই আবেদনকারীর মধ্যে একজন ইতিমধ্যেই মারা গিয়েছেন এবং অপরজন অবসর গ্রহণ করেছেন বলে জানা গিয়েছে।

মামলায় কর্মীদের পক্ষে সওয়াল করা আইনজীবী পুরুষোত্তম রায় বর্মণ জানান, এই রায় শুধু সংশ্লিষ্ট কর্মীদের জন্য নয়, দীর্ঘদিন ধরে অনিয়মিতভাবে কর্মরত বহু সরকারি কর্মচারীর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে উঠতে পারে।

নিয়মিত চাকরির স্বীকৃতি পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন কর্মীরা। তাঁদের বক্তব্য, দীর্ঘ আইনি লড়াইয়ের শেষে ন্যায়বিচার পাওয়ায় নতুন করে কর্মজীবনের মর্যাদা ফিরে পেলেন তাঁরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.