রাজ্যে এখনও দুর্যোগ কাটেনি। শনিবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর (IMD)। একই সঙ্গে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হতে পারে বলে জানানো হয়েছে। আগামীকাল থেকে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ফের লাল সতর্কতা জারির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পূর্ব ও পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। পাশাপাশি রাজস্থান থেকে বিহার পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখা হরিয়ানা ও উত্তরপ্রদেশের উপর দিয়ে অবস্থান করছে। এই দুই আবহাওয়াজনিত ব্যবস্থার প্রভাবে আগামী কয়েকদিন রাজ্যজুড়ে বৃষ্টির দাপট অব্যাহত থাকবে।
আজ ও রবিবার দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। অন্যান্য জেলাতেও বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। সোমবার থেকে বৃষ্টির তীব্রতা আরও বাড়বে। তখন দক্ষিণবঙ্গের কিছু জেলায় কমলা সতর্কতা জারি হতে পারে এবং ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে উত্তরবঙ্গে পরিস্থিতি আরও উদ্বেগজনক। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ২০০ মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি হয়েছে। উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি এবং দক্ষিণ দিনাজপুর ও মালদায় ঝড়-বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। দার্জিলিং-সহ বাকি জেলাগুলিতেও ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা বহাল।
আবহাওয়াবিদদের আশঙ্কা, টানা ভারী বৃষ্টির জেরে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ধস নামতে পারে। পাশাপাশি নদীর জলস্তর দ্রুত বৃদ্ধি, নিচু এলাকা প্লাবিত হওয়া এবং জনজীবনে ব্যাপক প্রভাব পড়ার সম্ভাবনাও রয়েছে। তাই প্রয়োজন ছাড়া পাহাড়ি এলাকায় যাতায়াত এড়িয়ে চলা এবং প্রশাসনের সতর্কতা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।






