কলকাতারাজনীতি

১৬ মৃত্যুর পর তারাতলা কাণ্ডে শ্বেতপত্রের দাবি, প্রশাসনিক ভূমিকা নিয়ে প্রশ্ন অধীরের

তারাতলায় নির্মীয়মাণ গুদামের কাঠামো ভেঙে ভয়াবহ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬। ধ্বংসস্তূপের নীচে আটকে থাকা শ্রমিকদের উদ্ধারে এখনও যৌথভাবে অভিযান চালাচ্ছে সেনাবাহিনী, এনডিআরএফ, দমকল এবং অন্যান্য উদ্ধারকারী সংস্থা। এই মর্মান্তিক ঘটনার আবহেই গোটা নির্মাণ প্রক্রিয়া, প্রশাসনিক ভূমিকা এবং বেআইনি নির্মাণচক্রের নিরপেক্ষ তদন্তের দাবিতে সরব হলেন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী। পাশাপাশি তিনি রাজ্য সরকারের কাছে এই ঘটনায় একটি শ্বেতপত্র (হোয়াইট পেপার) প্রকাশেরও দাবি জানিয়েছেন।

দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধীররঞ্জন বলেন, তারাতলার দুর্ঘটনা কলকাতায় দীর্ঘদিন ধরে চলে আসা বেআইনি নির্মাণ নিয়ে যে আশঙ্কা বারবার প্রকাশ করা হচ্ছিল, তা-ই কার্যত সত্য প্রমাণ করেছে। তাঁর প্রশ্ন, কীভাবে এত বড় একটি নির্মাণ প্রকল্পের অনুমোদন মিলল এবং কোন স্তরে প্রশাসনিক ব্যর্থতা বা যোগসাজশ ছিল, তা জনগণের সামনে স্পষ্ট করা প্রয়োজন।

তিনি বলেন, রাজ্য সরকারের উচিত একটি পূর্ণাঙ্গ শ্বেতপত্র প্রকাশ করে জানানো, কীভাবে এই নির্মাণের অনুমতি দেওয়া হয়েছিল, কোন কোন ব্যক্তি বা সংস্থা এর সঙ্গে যুক্ত ছিল এবং কোথায় কোথায় নিয়ম লঙ্ঘন হয়েছে। তাঁর দাবি, কেবল দুর্ঘটনার তাৎক্ষণিক কারণ খুঁজে বের করলেই চলবে না; বেআইনি নির্মাণের সঙ্গে জড়িত গোটা চক্র, সংশ্লিষ্ট সংস্থা এবং দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের ভূমিকাও নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে। এমন তদন্ত হওয়া উচিত, যাতে কোনও দোষীই আইনের ফাঁক গলে বেরিয়ে যেতে না পারে।

একইসঙ্গে পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি) প্রসঙ্গেও নিজের অবস্থান স্পষ্ট করেন অধীররঞ্জন চৌধুরী। তিনি বলেন, পশ্চিমবঙ্গ বহু শতাব্দী ধরে বিভিন্ন ধর্ম, ভাষা ও সম্প্রদায়ের মানুষের সহাবস্থানের রাজ্য। তাই ইউসিসির মতো গুরুত্বপূর্ণ আইন কার্যকর করার আগে কেন্দ্রীয় সরকারের উচিত সমস্ত রাজ্য সরকার, আইন বিশেষজ্ঞ এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বিস্তৃত আলোচনা করা।

অধীররঞ্জনের মতে, সর্বসম্মত মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়াই গণতান্ত্রিক পদ্ধতির পরিচায়ক। এমন কোনও আইন প্রণয়ন করা উচিত নয়, যা সমাজে নতুন করে বিভাজন বা অস্থিরতার পরিবেশ তৈরি করতে পারে। তাই আলোচনার মাধ্যমে ঐকমত্য গড়ে তুলে তবেই এ ধরনের গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.