গুরুপূর্ণিমার পুণ্য তিথিতে ফের বেলুড় মঠে পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে পৌঁছে প্রথমেই তিনি রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান কার্যালয়ে যান। পরে মিশনের প্রেসিডেন্ট মহারাজ গৌতমানন্দজির সঙ্গে সাক্ষাৎ করে তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম জানান। শ্রদ্ধার নিদর্শন হিসেবে পদ্মফুলের মালা ও মা কালীর একটি মূর্তি উপহার দেন মুখ্যমন্ত্রী। তাঁদের মধ্যে রাজ্যের উন্নয়ন-সহ একাধিক বিষয়ে কিছুক্ষণ আলোচনা হয়। এরপর বেলুড় মঠের বিভিন্ন অংশও পরিদর্শন করেন তিনি।
গুরুপূর্ণিমা উপলক্ষে সকাল থেকেই বেলুড় মঠে ভক্তদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। বেলা প্রায় এগারোটা নাগাদ সেখানে পৌঁছন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁকে দেখে উপস্থিত বহু ভক্ত শুভেচ্ছা জানান। সকলের সঙ্গে সৌজন্য বিনিময় করতে করতেই তিনি মিশনের মূল কার্যালয়ে প্রবেশ করেন। এরপর প্রেসিডেন্ট মহারাজ গৌতমানন্দজির কক্ষে গিয়ে সাষ্টাঙ্গে প্রণাম করেন। পদ্মফুলের মালা ও মা কালীর মূর্তি তুলে দেন তাঁর হাতে। পাশাপাশি উপস্থিত অন্যান্য মহারাজদেরও প্রণাম করে তাঁদের হাতে উপহার তুলে দেন। সূত্রের খবর, এদিন রাজ্যের সার্বিক উন্নয়ন ও বিভিন্ন বিষয় নিয়ে মহারাজদের সঙ্গে দীর্ঘ সময় আলোচনা করেন মুখ্যমন্ত্রী।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে রামকৃষ্ণ মিশনের সম্পর্ক দীর্ঘদিনের। কৈশোর থেকেই তিনি মিশনের সঙ্গে যুক্ত। কলকাতায় এলেই সুযোগ করে বেলুড় মঠে গিয়ে সন্ন্যাসী ও প্রেসিডেন্ট মহারাজদের আশীর্বাদ গ্রহণ করেন তিনি। বিজেপি সরকার পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রীর সেই ধারাকেই অনুসরণ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও বেলুড় মঠে নিয়মিত আসছেন। প্রায় দু’মাসের ব্যবধানে গুরুপূর্ণিমার দিন ফের সেখানে উপস্থিত হলেন তিনি।







