এখনো পর্যন্ত প্রভিডেন্ট ফান্ডের কয়েক হাজার কোটি টাকা পাননি কলকাতা স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের অবসরপ্রাপ্ত কর্মচারীরা! এই নিয়ে এবার রুল জারি করলো উচ্চ আদালত । এই মামলায় কলকাতা হাইকোর্ট তৃণমূল বিধায়ক তথা সিএসটিসি-র এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড ট্রাস্টের চেয়ারম্যান মদন মিত্র-সহ কয়েকজনের বিরুদ্ধে রুল জারি করেছে। এই রুল জারি করেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ । সশরীরে হাইকোর্টে হাজির হওয়ার নির্দেশ পেয়েছেন মদন মিত্র । পাশাপাশি রাজ্যের অর্থসচিব, সিএসটিসি-র চিফ ম্যানেজিং ডিরেক্টেরকেও হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । আগামী ৪ জুলাই তাদের সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি। আদালতের নির্দেশ সত্ত্বেও কেন এখনো অবসরপ্রাপ্ত কর্মচারীরা ন্যায্য পাওনা টাকা পাননি ! তার কারণ আদালতকে জানাতে হবে মদন মিত্র সহ বাকিদের।
প্রসঙ্গত এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড ট্রাস্ট রয়েছে সিএসটিসি-র কর্মচারীদের জন্য । যেখানে কর্মচারীরা প্রত্যেক মাসে যে বেতন পান , তার একটা অংশ কেটে জমা রাখা হয়। যাতে অবসরের পর কর্মচারীরা ওই টাকা টি পান এবং তাদের তাতে সুবিধা হয়। কিন্তু, প্রভিডেন্ট ফান্ডের টাকা পাচ্ছেন না বলে ইতিমধ্যেই অভিযোগ করেছেন সিএসটিসি-র অবসরপ্রাপ্ত কর্মচারীরা । গত বছর এই অভিযোগের ভিত্তিতে মামলা হয় কলকাতা হাইকোর্টে । তারপর ২৪ এর জুলাইয়ের মধ্যে কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ডের টাকা মিটিয়ে দেওয়ারও নির্দেশ দেয় উচ্চ আদালত । কিন্তু তাও তাদের টাকা মেটানো হয়নি এবং শেষমেশ আদালতের নির্দেশ সত্ত্বেও কর্মচারীরা প্রভিডেন্ট ফান্ডের টাকা না পাওয়ায় আদালত অবমাননার মামলাও হয় ডিসেম্বর মাসে ।
গতকাল ফের এই মামলার শুনানি বসে । শুনানিতে বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় কেন এখনও অবসরপ্রাপ্ত কর্মচারীরা প্রভিডেন্ট ফান্ডের টাকা পাননি , সেবিষয়ে জানতে চান। তারপরই মদন মিত্র সহ বাকিদের বিরুদ্ধে রুল জারি করে , তাদের সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।







