দীর্ঘ দশ মাসের বিরতি ভেঙে অবশেষে নতুন ভূমিকায় ফিরলেন অভিনেত্রী নেহা আমনদীপ। জি বাংলার ‘যোগমায়া’ ধারাবাহিকটি মাত্র চার মাসেই বন্ধ হয়ে যাওয়ার পর নেহাকে আবার পর্দায় দেখার জন্য অপেক্ষায় ছিলেন দর্শক। এবার একটি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মের মাইক্রোড্রামায় ‘নীলম’ চরিত্রে দেখা যাবে তাঁকে।
শাঁখা-সিঁদুর আর শাড়িতে একেবারে বাঙালি বধূর সাজে ধরা দিয়েছেন নেহা। তবে তাঁর চরিত্রটি সহজ নয়, বরং বেশ কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে দেখা যাবে নীলমকে। দড়ি দিয়ে চেয়ারে বেঁধে অত্যাচার করা হচ্ছে, এমন কিছু দৃশ্য ইতিমধ্যেই ভাইরাল। ঠিক কী কারণে নীলমের এই অবস্থা, তা অবশ্য নির্মাতারা এখনও খোলসা করেননি। কাঠফাটা গরমের মধ্যেও চলছে শুটিং, আর তার মাঝেই হাসিমুখে দেখা যাচ্ছে নেহাকে। কোন ভাষায় এই মাইক্রোড্রামা মুক্তি পাবে, তা এখনও জানা যায়নি।
প্রথম দিকের কয়েকটি কাজের পর ব্যক্তিগত কারণে লম্বা বিরতি নিয়েছিলেন নেহা। শোনা যায়, সেই সময় নাকি খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে দিন কেটেছিল তাঁর। তবে সেই দুঃসময় পেরিয়ে নতুন করে ঘুরে দাঁড়িয়েছেন অভিনেত্রী। এখন ধারাবাহিক সহ বিভিন্ন মাধ্যমে নানা ধরনের চরিত্রে কাজ করতে আগ্রহী তিনি।
এর আগে নেহাকে আড্ডা টাইমের ওয়েব সিরিজ ‘দেখেছি তোমায় শ্রাবণে’-তে সৌম্য মুখোপাধ্যায়ের বিপরীতে দেখা গিয়েছিল। তবে ছোট পর্দায় তিনি কবে ফিরবেন, সেই প্রশ্ন এখনও অনেকের মনেই ঘুরপাক খাচ্ছে।







