জেলা

পুলিশি তদন্তে খুনের নাটকীয় মোড়, উদ্ধার হাতুড়িও

মিনাখাঁর ধুতুরদহ গ্রাম পঞ্চায়েতের দেবিতলা কাহারপাড়া এলাকায় ঘটে যাওয়া এক গৃহবধূ খুনের ঘটনায় পুলিশ পুনঃনির্মাণ করে পুরো ঘটনার বিস্তারিত প্রকাশ করল। চলতি বছরের ২৮শে মার্চ ধান চাষের জমি থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় এক গৃহবধূর মৃতদেহ। পুলিশ তদন্তে নেমে জানতে পারে, মৃতার নাম রিজিয়া খাতুন, যিনি বসিরহাটের ব্যাঙপুকুরিয়া এলাকার বাসিন্দা এবং স্বামী পরিত্যক্তা ছিলেন। তিনি পরিচালিকার কাজ করতেন ও বাপের বাড়িতেই থাকতেন।

তদন্তে উঠে আসে, কয়েক বছর আগে রিজিয়ার সঙ্গে পরিচয় হয় উত্তরঘোনার সিরাজ মন্ডলের। এরপর তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে সিরাজের আগের স্ত্রীর সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের জেরে দাম্পত্য জীবনে অশান্তি বাড়ে। এই অশান্তির চূড়ান্ত পরিণতিতে সিরাজ গত বৃহস্পতিবার বসিরহাট থেকে মোটরবাইকে করে রিজিয়াকে নিয়ে আসে কাহারপাড়ায়। সেখানে গল্প করার নাম করে একটি ধান খেতের মধ্যে নিয়ে গিয়ে মাথায় হাতুড়ি দিয়ে একাধিকবার আঘাত করে নির্মমভাবে হত্যা করে।

পুলিশ বৃহস্পতিবার সিরাজকে গ্রেফতার করে এবং শুক্রবার বসিরহাট আদালতে পেশ করে পুলিশি হেফাজতের আবেদন জানায়। তদন্তের স্বার্থে শনিবার খুনের পুনঃনির্মাণ করে পুলিশ, যেখানে সিরাজ দেখায় ঠিক কোন জায়গা থেকে সে রিজিয়াকে নিয়ে আসে, কোথায় তারা গল্প করে এবং কোথায় সে খুন করে। পুলিশ খুনে ব্যবহৃত হাতুড়িটিও উদ্ধার করেছে।

এই ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। পুলিশের তদন্ত চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.