বিনোদন

ঝমঝমে সন্ধ্যায় ভূতের গল্পের আমেজে ফিরছে বাংলা ছবি ‘ভূত’পূর্ব

একটি বৃষ্টিভেজা সন্ধ্যা, লোডশেডিং আর তার সঙ্গে চা ও তেলেভাজার সঙ্গতিতে ভূতের গল্প, এই চিরন্তন বাঙালি অভ্যাস এবার রূপ নিচ্ছে রূপালি পর্দায়। বাংলা সাহিত্যের তিনটি জনপ্রিয় ভৌতিক গল্প অবলম্বনে তৈরি হয়েছে নতুন ছবি ‘ভূত’পূর্ব। কাকলি ঘোষ ও অভিনব মুখোপাধ্যায়ের পরিচালনায় এই ছবি সম্প্রতি প্রকাশ্যে এসেছে টিজারসহ।

‘ভূত’পূর্ব ছবির মূল কাঠামো গড়ে উঠেছে ষাটের দশকের শেষভাগে এক বৃষ্টিভেজা সন্ধ্যাকে কেন্দ্র করে। একটি রাজবাড়িতে তিনজন কথকের আড্ডার মধ্যে দিয়ে খুলে যায় তিনটি ভিন্ন ভৌতিক কাহিনির পাতা। ছবির তিনটি গল্প, রবীন্দ্রনাথ ঠাকুরের ‘মণিহারা’, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘তারানাথ তান্ত্রিক’, ও মনোজ সেনের ‘শিকার’—কে কেন্দ্র করে তৈরি হয়েছে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা, যার মধ্যে সূক্ষ্ম এক যোগসূত্র রয়েছে।

প্রথম গল্প ‘মণিহারা’-তে বনেদি ব্যবসায়ী ফণীভূষণ সাহা ও তার স্ত্রীর গয়নার প্রতি লোভের ফলশ্রুতিতে এক মর্মান্তিক পরিণতি উঠে আসে। দ্বিতীয় গল্পে, ‘তারানাথ তান্ত্রিক’-এর অলৌকিক দুনিয়া, গৃহত্যাগ ও মাতু পাগলির দীক্ষালাভের রহস্যময় অধ্যায় দর্শকদের এক অন্য জগতে নিয়ে যাবে। তৃতীয় ও শেষ গল্প ‘শিকার’ অবলম্বনে, ইন্দো-চিন যুদ্ধ-পরবর্তী সময়ে এক শিক্ষিত যুবক পূর্ণেন্দুর অপরাধ জগতে প্রবেশ ও তার অন্তর্নিহিত রহস্য উন্মোচিত হবে।

ছবির টিজারে রাজবাড়ির অন্দরমহলে গা ছমছমে নানা ঘটনার ঝলক ইতিমধ্যেই দর্শকদের আগ্রহ উসকে দিয়েছে। এই ছবিতে অভিনয় করছেন সত্যম ভট্টাচার্য, সন্দীপ্তা সেন, রূপাঞ্জনা মিত্র, সুহোত্র মুখোপাধ্যায়, অমৃতা চট্টোপাধ্যায় ও সপ্তর্ষি মৌলিক। ভৌতিক কাহিনির প্রেক্ষাপটে গড়ে ওঠা এই চলচ্চিত্র বাংলা সাহিত্যের ভান্ডার থেকে উঠে আসা এক অভিনব সিনেমাটিক অভিজ্ঞতা হতে চলেছে বলেই মনে করছে চলচ্চিত্র মহল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.