ইসকনের (ISKCON) প্রাক্তন সহ-সভাপতি রাধারমণ দাসকে সংগঠনের সমস্ত প্রশাসনিক ও জনসংযোগমূলক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রবিবার সমাজমাধ্যমে একটি দীর্ঘ পোস্টে তিনি নিজেই এই তথ্য জানিয়েছেন। একইসঙ্গে তিনি জানান, ভবিষ্যতে সংবাদমাধ্যম বা জনসমক্ষে ইসকনের প্রতিনিধি হিসেবে কোনও মন্তব্যও করবেন না।
রাধারমণ দাসের দাবি, ইসকনের উচ্চ কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে এবং তিনি সেই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে সংগঠনের নির্দেশ মেনেই চলবেন।
নিজের পোস্টে তিনি উল্লেখ করেন, বাংলাদেশে হিন্দু সম্প্রদায় ও ইসকন ভক্তদের উপর নির্যাতনের অভিযোগ নিয়ে প্রকাশ্যে একাধিকবার বক্তব্য রাখা এবং সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়াকে তাঁর বিরুদ্ধে নেওয়া পদক্ষেপের অন্যতম কারণ হিসেবে জানানো হয়েছে। পাশাপাশি বাংলাদেশে বন্দি চিন্ময়কৃষ্ণ দাসের সমর্থনে প্রকাশ্যে অবস্থান নেওয়ার বিষয়টিও সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে বলে দাবি করেন তিনি।
এছাড়া বিজেপি নেত্রী মেনকা গান্ধীর বিরুদ্ধে আইনি নোটিস পাঠানো, কৌতুকশিল্পী সুরলীন কৌরের বিরুদ্ধে সাইবার অভিযোগ দায়ের, সনাতন ধর্মের পক্ষে প্রকাশ্যে বক্তব্য রাখা, ১৯৭৬ সালের নিউ ইয়র্কের রথযাত্রা ও ডোনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক সম্পর্ক নিয়ে একটি পোস্ট ভাগ করে নেওয়া এবং একটি টেলিভিশন সাক্ষাৎকারে অংশগ্রহণের ঘটনাও তিনি কারণ হিসেবে উল্লেখ করেছেন।
রাধারমণ দাস দীর্ঘদিন ধরেই পশ্চিমবঙ্গের ধর্মীয় ও রাজনৈতিক মহলে পরিচিত মুখ। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিভিন্ন সরকারি ও ধর্মীয় অনুষ্ঠানে তাঁকে দেখা গিয়েছে। দিঘার জগন্নাথ মন্দির প্রতিষ্ঠার সময়ও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, যা নিয়ে তৎকালীন বিরোধী দলনেতা তথা বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রশ্ন তুলেছিলেন।
তবে এই বিষয়ে এখনও ইসকনের পক্ষ থেকে কোনও পৃথক আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। ফলে রাধারমণ দাসের দাবি ও সংগঠনের অবস্থান নিয়ে ধর্মীয় এবং রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে।







