জঙ্গিপুর সাংগঠনিক জেলায় দলীয় ভাবমূর্তি বজায় রাখতে তৃণমূলের যোগদান প্রক্রিয়ায় এবার কঠোর অবস্থান নিলেন জেলা সভাপতি তথা সাংসদ খলিলুর রহমান। তাঁর সাফ বার্তা, আর হঠাৎ করে যাকে খুশি দলে নেওয়া যাবে না।
সোমবার জেলার সমস্ত বিধায়ক ও ব্লক সভাপতিদের উদ্দেশে একটি নির্দেশিকা জারি করেন তিনি। তাতে বলা হয়েছে, অন্য কোনও রাজনৈতিক দল থেকে কেউ তৃণমূলে যোগ দিতে চাইলে নির্দিষ্ট নিয়ম মেনে তা করাতেই হবে। নিয়ম ভঙ্গ হলে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে।
প্রসঙ্গত, কিছুদিন ধরে স্থানীয় পর্যায়ে বিভিন্ন নেতা কর্মী-সমর্থককে তৃণমূলে যোগদান করানো হচ্ছিল জেলা নেতৃত্বকে অজ্ঞাত রেখেই। এমনকি অভিযোগ উঠেছে, কয়েকজন বিধায়কও জেলা সভাপতিকে না জানিয়ে নিজেদের উদ্যোগে যোগদান করাচ্ছেন। রবিবার ফরাক্কায় এক সভায় একাধিক রাজনৈতিক দল থেকে কয়েকশো মানুষ তৃণমূলে যোগ দেন বিধায়ক মনিরুল ইসলাম ও মোশারফ হোসেনের উপস্থিতিতে। কিন্তু সেই বিষয়ে খলিলুর রহমান কিছুই জানতেন না, আমন্ত্রণও পাননি।
এ নিয়ে প্রকাশ্যেই অসন্তোষ প্রকাশ করেন জেলা সভাপতি। তাঁর বক্তব্য, তিনি শুধু নিজের মত চাপিয়ে দেননি, বরং রাজ্য নেতৃত্বের নির্দেশ মেনেই পদক্ষেপ করেছেন। শীঘ্রই জেলার সাংগঠনিক কাঠামোয় রদবদল হবে, তাই এখন কোনও যোগদান করানো উচিত নয়।
তবে বিষয়টি ঘিরে দলের মধ্যেই শুরু হয়েছে চর্চা। জঙ্গিপুরের চেয়ারম্যান জাকির হোসেন বলেছেন, কলকাতার বৈঠকে এ নিয়ে কিছু আলোচনা হয়নি, তাঁকেও কিছু জানানো হয়নি। অন্যদিকে নবগ্রামের বিধায়ক কানাইচন্দ্র মন্ডলের অনুমান, রাজ্য নেতৃত্বের নির্দেশেই এমন পদক্ষেপ নিয়েছেন খলিলুর রহমান।







