শিক্ষা

মর্নিং স্কুলের নামে ভুয়ো বিজ্ঞপ্তি, পড়ুয়া-অভিভাবকদের সতর্ক থাকার আবেদন শিক্ষা মহলের

রাজ্যের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে ১৫ জুলাই পর্যন্ত মর্নিং স্কুল চালু থাকবে—এমন দাবি করে সোশ্যাল মিডিয়ায় একটি বিজ্ঞপ্তি ভাইরাল হওয়ায় অভিভাবক, পড়ুয়া এবং শিক্ষকদের মধ্যে ব্যাপক বিভ্রান্তি তৈরি হয়েছে। তবে শিক্ষামহলের দাবি, ওই বিজ্ঞপ্তির কোনও সত্যতা নেই এবং সেটি সম্পূর্ণ ভুয়ো।

প্রসঙ্গত, প্রবল গরমের কারণে স্কুল শিক্ষা দফতর আগে ৩০ জুন পর্যন্ত পাহাড় বাদে রাজ্যের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত প্রাথমিক ও মাধ্যমিক স্কুলে মর্নিং স্কুল চালুর নির্দেশ দিয়েছিল। সেই সময়সীমা শেষ হওয়ার আগেই নতুন একটি তথাকথিত বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয় যে মর্নিং স্কুলের সময়সীমা ১৫ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে।

এই বিষয়ে খোঁজ নিয়ে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী জানান, ভাইরাল হওয়া বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ ভুয়ো। তিনি বলেন, শিক্ষা দফতরের নাম ব্যবহার করে এভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো অত্যন্ত উদ্বেগজনক এবং এর সঙ্গে জড়িতদের চিহ্নিত করে কঠোর শাস্তির ব্যবস্থা করা উচিত।

শিক্ষামহলের একাংশেরও মত, এ ধরনের গুজবের ফলে অভিভাবক ও পড়ুয়াদের মধ্যে অযথা বিভ্রান্তি তৈরি হচ্ছে। তাই কোনও তথ্য বিশ্বাস করার আগে স্কুল কর্তৃপক্ষ বা শিক্ষা দফতরের সরকারি নির্দেশিকার ওপরই নির্ভর করার পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, স্কুল শিক্ষা দফতরের পক্ষ থেকে এখনও পর্যন্ত ৩০ জুনের পর মর্নিং স্কুল সংক্রান্ত নতুন কোনও সরকারি নির্দেশিকা প্রকাশ করা হয়নি। ফলে আপাতত সরকারি নির্দেশ অনুযায়ীই স্কুলের পঠনপাঠন পরিচালিত হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.