বলিউডে এখন চর্চার কেন্দ্রে অভিনেতা আমির খানের তৃতীয় বিয়ে। আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। আগামী ৫ জুলাই প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে নতুন জীবনের সূচনা করতে চলেছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। বিয়ের আগে এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজের মুখেই জানালেন আসন্ন বিয়ের পরিকল্পনার কথা।
আমির জানান, তাঁদের বিয়ে হবে সম্পূর্ণ ব্যক্তিগত ও ঘরোয়া পরিবেশে। জাঁকজমকপূর্ণ আয়োজনের বদলে পরিবারের সদস্য এবং হাতে গোনা কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুকে নিয়েই হবে অনুষ্ঠান। বাড়িতেই ছোট পরিসরে বিয়ের সমস্ত আয়োজন করা হয়েছে।
অভিনেতার কথায়, “৫ জুলাই আমাদের বিয়ে। এটি আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। পরিবারের সদস্য এবং কয়েকজন কাছের মানুষকে নিয়ে একান্ত ব্যক্তিগতভাবে অনুষ্ঠান হবে। সকলের আশীর্বাদ ও শুভেচ্ছা চাই, যাতে আমরা সুখে-শান্তিতে জীবন কাটাতে পারি।”
এই বিয়ের অন্যতম আকর্ষণ হতে চলেছে দুই পরিবারের সন্তানদের উপস্থিতি। আমিরের তিন সন্তান—জুনায়েদ, ইরা এবং আজাদ যেমন অনুষ্ঠানে থাকবেন, তেমনই গৌরী স্প্র্যাটের প্রথম পক্ষের সন্তানও এই বিশেষ দিনের অংশ হবেন। ফলে পুরো অনুষ্ঠানই পরিবারকে কেন্দ্র করেই সাজানো হচ্ছে।
এদিকে, আমিরের দুই প্রাক্তন স্ত্রী রিনা দত্ত এবং কিরণ রাও বিয়েতে উপস্থিত থাকবেন কি না, তা নিয়ে জল্পনা তুঙ্গে। যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে বিচ্ছেদের পরও তাঁদের সঙ্গে আমিরের সুসম্পর্ক বজায় রয়েছে। সম্প্রতি একটি অনুষ্ঠানে রিনা, কিরণ এবং গৌরীকে একসঙ্গে দেখা যাওয়ায় সেই সম্পর্কের উষ্ণতারই ইঙ্গিত মিলেছে।
ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন আমির খান। তাই ৫ জুলাইয়ের এই ঘরোয়া বিয়ে ঘিরে বলিউডের পাশাপাশি অনুরাগীদের মধ্যেও উৎসাহ এখন তুঙ্গে।







