সীমান্তে নিরাপত্তা জোরদার এবং তিন বাহিনীর যুদ্ধপ্রস্তুতি (Combat Readiness) আরও শক্তিশালী করতে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। শুক্রবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল (DAC)-এর বৈঠকে প্রায় ₹৫২ হাজার কোটি টাকার প্রতিরক্ষা সরঞ্জাম কেনার প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের ফলে ভারতীয় সেনা, নৌসেনা ও বায়ুসেনার জন্য একাধিক অত্যাধুনিক দেশীয় প্রযুক্তিনির্ভর অস্ত্র ও নজরদারি ব্যবস্থা যুক্ত হতে চলেছে।
ভারতীয় সেনার জন্য অনুমোদন মিলেছে ‘আকাশ তরঙ্গ’ (AKASH TARANG) নামে অ্যান্টি-ইউএভি ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমের, যা শত্রুপক্ষের ড্রোন হামলা প্রতিহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। পাশাপাশি সেনার হাতে আসছে জেট-চালিত কামিকাজি ড্রোন, পোর্টেবল অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড মিসাইল (MPATGM), মিডিয়াম রেঞ্জ সারফেস-টু-এয়ার মিসাইল (MRSAM), ভি-শরাডস (V-SHORADS) এবং ট্যাঙ্কের জন্য আধুনিক অ্যাক্টিভ প্রোটেকশন সিস্টেম।
নৌসেনার জন্য অনুমোদন দেওয়া হয়েছে মাল্টি ইনফ্লুয়েন্স গ্রাউন্ড মাইন (MIGM) এবং নেভাল শিপবোর্ন আনম্যান্ড এরিয়াল সিস্টেম (NSUAS)। এই অত্যাধুনিক ড্রোনভিত্তিক নজরদারি ব্যবস্থা সমুদ্রে শত্রু যুদ্ধজাহাজ ও সাবমেরিনের গতিবিধি পর্যবেক্ষণে সহায়ক হবে। পাশাপাশি যুদ্ধজাহাজের বৈদ্যুতিক প্রোপালশন প্রযুক্তি পরীক্ষার জন্য একটি ল্যান্ড বেসড টেস্টিং ফ্যাসিলিটি (LBTF) তৈরির প্রস্তাবেও সিলমোহর দেওয়া হয়েছে।
অন্যদিকে ভারতীয় বায়ুসেনার নজরদারি ক্ষমতা বাড়াতে আনা হচ্ছে ফিক্সড-উইং বেসড হাই অল্টিটিউড সিউডো স্যাটেলাইট (FW-HAPS)। এটি দীর্ঘ সময় আকাশে থেকে গোয়েন্দা নজরদারি, রিমোট সেন্সিং এবং নিরাপদ যোগাযোগ ব্যবস্থা পরিচালনা করতে সক্ষম হবে। সীমান্তে শত্রুপক্ষের নড়াচড়া দ্রুত শনাক্ত করতেও এই প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, এই সমস্ত অস্ত্র ও প্রযুক্তির অধিকাংশই দেশীয়ভাবে তৈরি। ফলে একদিকে যেমন ভারতীয় সশস্ত্র বাহিনীর আধুনিকীকরণ আরও দ্রুত হবে, তেমনই আত্মনির্ভর ভারতের প্রতিরক্ষা উৎপাদন ব্যবস্থাও নতুন গতি পাবে।







