নিজস্ব সংবাদদাতা, কলকাতা/কোঝিকোড়: ছাত্র রাজনীতির মঞ্চে আবারও বাংলার জয়রথ। ভারতের বাম ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সংগঠন এসএফআই-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্বে ফিরলেন এক বাঙালি। কেরলের কোঝিকোড়ে অনুষ্ঠিত এসএফআই-এর ১৮তম সর্বভারতীয় সম্মেলনে সংগঠনের সর্বোচ্চ কার্যনির্বাহী পদে নির্বাচিত হলেন সৃজন ভট্টাচার্য।
গত শুক্রবার থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী এই সম্মেলনের শেষ দিনে, রবিবার, প্রকাশ্যে আসে নতুন নেতৃত্বের নাম। কেরলের আদর্শ এম সাজি হয়েছেন সংগঠনের নতুন সর্বভারতীয় সভাপতি। অন্যদিকে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী এবং সিপিএমের নবীন মুখ সৃজনকে বেছে নেওয়া হয়েছে সাধারণ সম্পাদকের দায়িত্বে।
এই নিয়ে ফের একবার ঐতিহ্য বজায় রাখল বাংলা। কারণ ইতিহাস ঘাঁটলে দেখা যায়, এসএফআইয়ের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে একাধিকবারই দায়িত্বভার পেয়েছেন বাংলার ছাত্রনেতারা। বিমান বসু, সুজন চক্রবর্তী, শমীক লাহিড়ী, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাস— তালিকা দীর্ঘ। যদিও একবার ব্যতিক্রম ঘটেছিল। ঋতব্রতর পরবর্তী সময়ে হিমাচলের বিক্রম সিংহ দায়িত্ব নিয়েছিলেন। তবে এ বার সেই ধারাতেই ফিরে এলেন সৃজন।
বাঙালির ‘রাজনৈতিক প্রতিভা’র প্রতীক হয়ে ওঠা সৃজন ছাত্র রাজনীতির মঞ্চেই নিজেকে প্রমাণ করেছেন। তাঁর দল তাঁকে ইতিমধ্যেই মূল ধারার নির্বাচনী রাজনীতির ময়দানে নামিয়ে দিয়েছে। ২০২১ সালে সিঙ্গুর এবং ২০২৪ সালে যাদবপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী হন তিনি। দু’বারই জয় অধরা থাকলেও, সংগঠনের ভিতরে তাঁর সক্রিয়তা ও জনপ্রিয়তা অটুট। ফলে এবার কেন্দ্রীয় দায়িত্ব তুলে দেওয়া হল তাঁর কাঁধে।
এসএফআইয়ের শীর্ষপদে এই নিয়োগ যে শুধু বঙ্গের ছাত্র রাজনীতির জন্য গর্বের, তা-ই নয়— দীর্ঘমেয়াদি রাজনৈতিক পরিকল্পনারও ইঙ্গিত বলে মনে করছেন সিপিএমের একাংশ। তাঁদের মতে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে সৃজনকে দিল্লির কেন্দ্রীয় মঞ্চে তুলে ধরার এই কৌশল ভবিষ্যতের বড় রাজনৈতিক সিদ্ধান্তের ভূমিকা হিসেবে দেখা যেতে পারে।
দলীয় সূত্রের দাবি, এবার থেকে বাংলার থেকে অনেকটাই বেশি সময় দিল্লিতে কাটাবেন সৃজন। সর্বভারতীয় ছাত্র রাজনীতির নেতৃত্ব দেওয়ার পাশাপাশি, সংগঠনের পরবর্তী প্রজন্মকে একত্রিত করাই এখন তাঁর প্রধান কাজ।
ছাত্র আন্দোলনের ইতিহাসে আরও একটি অধ্যায়ের সূচনা করল এই সম্মেলন। আর তার নেতৃত্বে— ফের এক বাঙালি।







