নিজস্ব সংবাদদাতা:
২০২৬-এর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে আবারও সরগরম হয়ে উঠেছে নন্দীগ্রামের রাজনীতি। ২০২১-এ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মধ্যে ঐতিহাসিক লড়াই দেখেছে এই আসন। এবার ভোটের এখনও কয়েক মাস বাকি, কিন্তু তার আগেই শুরু হয়েছে জোর চর্চা।
তৃণমূলের তরফে এখনও আনুষ্ঠানিক কোনও বার্তা না এলেও, বিজেপির দাবি ঘিরে ইতিমধ্যেই নন্দীগ্রামে তাপমাত্রা চড়েছে। তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতি প্রলয় পাল বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দাবি করেছেন—গোপন সূত্রে খবর, ২০২৬ সালের নির্বাচনে আবারও নন্দীগ্রাম থেকেই লড়বেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তাঁর মন্তব্য, “যদি লড়াই হয়, বিজেপি আবারও জিতবে।”
এই দাবির পাল্টা দিয়েছেন নন্দীগ্রাম ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বাপ্পাদিত্য গর্গ। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, “তৃণমূলের প্রার্থী কে হবেন তা যথাসময়ে নেতৃত্ব জানিয়ে দেবেন। তবে আমি নিশ্চিত, শুভেন্দু অধিকারী এবার আর নন্দীগ্রাম থেকে প্রার্থী হচ্ছেন না।”
তিনি একাধিক পরিসংখ্যান সামনে এনে দাবি করেন, সাম্প্রতিক নির্বাচনে শুভেন্দু অধিকারীর প্রভাব কমেছে। তাঁর বক্তব্য অনুযায়ী—
নন্দনায়েকবাড়ি বুথের শেষ কো-অপারেটিভ নির্বাচনে তৃণমূল জিতেছে, বিজেপি হেরেছে।
লোকসভা ভোটে শুভেন্দুর অঞ্চলেই তৃণমূল ৪১২ ভোটের লিড পেয়েছে।
পঞ্চায়েত সমিতির আওতাধীন ভোটাররা লোকসভায় তৃণমূলকে ২৫০০ ভোটে এগিয়ে রেখেছেন।
উল্লেখ্য, ২০২১ সালের ভোটের পর থেকেই তৃণমূলের অভিযোগ, নন্দীগ্রামে লোডশেডিং ঘটিয়ে কারচুপি হয়েছে। সেই মামলা এখনও বিচারাধীন। তার মধ্যেই নতুন করে রাজনৈতিক মহলে গুঞ্জন, মুখ্যমন্ত্রী আবারও কি শুভেন্দুর ঘাঁটিতেই ঝড় তুলবেন?
২০২৬-এর নির্বাচনের আগে নন্দীগ্রামের মাটি যে ফের বাংলার রাজনীতির কেন্দ্রবিন্দু হতে চলেছে, তা নিয়ে সংশয় নেই রাজনৈতিক মহলের।







