বিনোদন

সুরহারা বাঁশি, নীরব মঞ্চে হরিপ্রসাদ! দর্শকদের চোখে জল দিল্লিতে

দিল্লির কামানি অডিটোরিয়ামের মঞ্চে মঙ্গলবার রাতে যেন থমকে গিয়েছিল সময়। শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঁশিবাদক, যিনি সুরের ভেলায় ভাসিয়েছেন প্রজন্মের পর প্রজন্মকে, সেই পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়া বসেছিলেন মঞ্চের এক কোণে। হাতে বাঁশি। চোখে একইসঙ্গে আত্মবিশ্বাস আর অসহায়তা। প্রিয় সঙ্গী বাঁশি ঠোঁটে তুললেন তিনি, কিন্তু সুরের প্রথম ধ্বনি আর জন্ম নিল না।

শুরুতেই নীরব হল ভরিয়ে দিয়েছিল করতালিতে। হাজারো দর্শক উন্মুখ হয়ে অপেক্ষা করছিলেন, আবার একবার শুনবেন ‘কল অফ দ্য ভ্যালি’-র স্রষ্টার জাদু। কিন্তু সময়ের নির্মমতায় শিল্পীর কাঁপতে থাকা হাত বারবার সরিয়ে দিচ্ছিল বাঁশি। টানা কুড়ি মিনিট ধরে তিনি প্রাণপণ চেষ্টা করে গেলেন, যেন বাঁশির ছিদ্রের ফাঁকে আবার ফুটে উঠবে জীবনের সুর। কিন্তু বারবারই ব্যর্থতা। আর হলভরা দর্শকের বুক ভারী হয়ে উঠল। কারও চোখে জল, কেউ নিঃশব্দে আসন ছাড়লেন।

ভিডিওতে ছড়িয়ে পড়েছে সেই অসহায় মুহূর্ত। প্রেক্ষাগৃহে উপস্থিত ছিলেন লেখিকা তসলিমা নাসরিনও। আবেগভরা কণ্ঠে তিনি জানিয়েছেন,”তিনি প্রাণপণ চেষ্টা করলেন, কিন্তু একবারও সুর ধরতে পারলেন না।” প্রশ্ন উঠছে, এমন অবস্থায় কেন তাঁকে মঞ্চে তোলা হলো? কেন বাণিজ্যের আড়ালে এক মহান শিল্পীর মর্যাদা ক্ষুণ্ণ করা হল? উত্তর নেই কারও কাছে। আয়োজকরা নীরব। রাজ কাপুরের সিনেমা থেকে শুরু করে শিবকুমার শর্মার সঙ্গে যুগলবন্দি, হরিপ্রসাদের বাঁশি ভারতীয় সঙ্গীতের আত্মা। অথচ সেই বাঁশিই দিল্লির আকাশে এদিন নিস্তব্ধ থেকে গেল। এক নীরব বাঁশি যেন জানিয়ে দিল সময় কারও হাতেই বশ মানে না, এমনকি সঙ্গীতের মহারাজাধিরাজেরও নয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.