দেশ

মুষলধারে বৃষ্টিতে মহারাষ্ট্রে বিপর্যয়, পুণেতে পাহাড়ধসে মৃত ৩, নিখোঁজ অন্তত ৩৫

দশক পাল্টায়, সরকার বদলায়, কিন্তু বর্ষা এলেই মুম্বই-সহ মহারাষ্ট্রে দুর্যোগের ছবি যেন একই থেকে যায়। সোমবার টানা ভারী বৃষ্টির জেরে পুণে জেলার মাভাল তহশিলের পাতান গ্রামে ভয়াবহ পাহাড়ধসের ঘটনা ঘটে। ভোররাতে পাহাড়ের একটি বড় অংশ ভেঙে পড়ে একাধিক বাড়ির উপর। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন অন্তত ৩৫ জন বলে আশঙ্কা। এখনও পর্যন্ত জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) তিনটি মৃতদেহ উদ্ধার করেছে। প্রশাসনের আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

প্রশাসন সূত্রে খবর, পাহাড়ধসের ফলে অন্তত পাঁচটি বাড়ি সম্পূর্ণ বা আংশিকভাবে মাটি ও পাথরের নিচে চাপা পড়ে। রাতভর ভারী বৃষ্টির পর ভোর সাড়ে চারটে নাগাদ এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় এনডিআরএফের ৩০ সদস্যের উদ্ধারকারী দল। প্রবল বৃষ্টির মধ্যেও ধ্বংসস্তূপ সরিয়ে নিখোঁজদের খোঁজে জোরকদমে তল্লাশি চলছে। পুলিশের তরফে জানানো হয়েছে, মৃতদের পরিচয় মিলেছে। তাঁরা হলেন ৬০ বছরের নন্দু তিকোনে, ৩০ বছরের মৌলি তিকোনে এবং ৫৫ বছরের অনিতা তিকোনে।

এদিকে, লাগাতার বৃষ্টি ও একাধিক ধসের কারণে মুম্বই-পুণে এক্সপ্রেসওয়ে এবং পুরনো মুম্বই-পুণে হাইওয়েতে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। পরিস্থিতির কথা মাথায় রেখে প্রশাসন সাধারণ মানুষকে আপাতত একান্ত প্রয়োজন ছাড়া এই পথে যাতায়াত না করার পরামর্শ দিয়েছে। পাশাপাশি সরকারি ট্র্যাফিক আপডেট নিয়মিত অনুসরণ করারও আবেদন জানানো হয়েছে।

অন্যদিকে, প্রবল বর্ষণে কার্যত বিপর্যস্ত মুম্বই শহরও। বিভিন্ন জায়গায় বাড়ি ভেঙে পড়া, ভূমিধস ও গাছ উপড়ে যাওয়ার ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যুর খবর মিলেছে। বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। উদ্বোধনের মাত্র দু’মাসের মধ্যেই ধসের জেরে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে মুম্বই-পুণে এক্সপ্রেসওয়ের ২ নম্বর টানেল। নিরাপত্তার স্বার্থে ওই রুটে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় মহারাষ্ট্রের একাধিক জেলায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.