দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে ১২ বছরের এক নাবালিকার ধর্ষণ ও খুন এবং তার জেরে এলাকায় ছড়িয়ে পড়া গণহিংসার ঘটনায় এবার স্বতঃপ্রণোদিতভাবে (Suo Motu) হস্তক্ষেপ করল জাতীয় মহিলা কমিশন (NCW)। ঘটনাটিকে অত্যন্ত উদ্বেগজনক ও দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করে কমিশন পশ্চিমবঙ্গ পুলিশের ডিজিপির কাছে আগামী সাত দিনের মধ্যে বিস্তারিত অ্যাকশন টেকেন রিপোর্ট (ATR) জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।
কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভারতীয় ন্যায় সংহিতা (BNS) এবং পকসো (POCSO) আইনের প্রাসঙ্গিক ধারায় এফআইআর দায়ের করা হয়েছে কি না, তা স্পষ্টভাবে জানাতে হবে। পাশাপাশি, এই ঘটনায় জড়িত সমস্ত অভিযুক্তকে দ্রুত গ্রেফতার, তদন্তের বর্তমান অগ্রগতি এবং পরবর্তী আইনি পদক্ষেপ সম্পর্কেও বিস্তারিত তথ্য রিপোর্টে উল্লেখ করতে হবে।
শুধু ধর্ষণ-খুন নয়, ঘটনার পর এলাকায় ছড়িয়ে পড়া গণহিংসা ও গণপিটুনির ঘটনাও কমিশনের নজরে এসেছে। এই হিংসার তদন্ত কতদূর এগিয়েছে, জড়িতদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের কোনও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে নাবালিকার দেহের ফরেনসিক পরীক্ষা ও ময়নাতদন্ত যাতে সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়, সে বিষয়েও জোর দিয়েছে কমিশন।
এছাড়া, নিহত নাবালিকার পরিবারকে চিকিৎসা, মনস্তাত্ত্বিক কাউন্সেলিং, আইনি সহায়তা এবং সরকারি ক্ষতিপূরণের মতো প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়েছে কি না, তারও পূর্ণাঙ্গ বিবরণ চাওয়া হয়েছে।
জাতীয় মহিলা কমিশন স্পষ্ট জানিয়েছে, নারী ও নাবালিকাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের ক্ষেত্রে তাদের ‘জিরো টলারেন্স’ নীতি বহাল রয়েছে। বারুইপুরের এই বহুচর্চিত ঘটনায় দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে রাজ্য প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বার্তাও দিয়েছে কমিশন।







