মাঠে আছেন রিঙ্কু সিং। আরও একবার কি মিরাকল ঘটিয়ে দলকে জিতিয়ে দিতে পারবেন রিঙ্কু? এই প্রশ্নই যেন গ্যালারিতে উপস্থিত কেকেআর সমর্থকদের হার্টবিট বাড়িয়ে দিয়েছিল। শুক্র সন্ধেতেও নিজের সেরাটা উজার করে দিয়েছিলেন রিঙ্কু। শেষ বল পর্যন্ত লড়াই চালিয়ে যান। তবে জয়ের জন্য তা যথেষ্ট ছিল না, এই যা।
ইডেনে ঘটনার ঘনঘটা। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) পর সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধেও দুর্দান্ত ক্রিকেট উপহার দিল কেকেআর। এবার জিতে দর্শকদের মুখে নাইটবাহিনী হাসি ফোটাতে না পারলেও বহু ক্রিকেটীয় স্মৃতি তাঁরা নিয়েই ফিরলেন।
প্রথমেই বলতে হয় হ্যারি ব্রুকের সেঞ্চুরির কথা। চলতি আইপিএলে (IPL 2023) ইংল্যান্ড ব্যাটারের হাত ধরেই এল প্রথম শতরান। কেন তাঁকে ১৩ কোটিরও বেশি দাম দিয়ে দলে নিয়েছিল হায়দরাবাদ, এদিন নিজের বিধ্বংসী ইনিংস দিয়েই ব্রুক তা প্রমাণ করলেন। ১০০ রান করে নটআউট থেকে তিনি মাঠ ছাড়েন।
মারক্রামও অনবদ্য ইনিংস খেলে দলকে রানের পাহাড়ে পৌঁছে দিতে সাহায্য করেন। তবে হায়দরাবাদ আন্দ্রে রাসেলের বোলিংয়ে ধাক্কা খায়। চলতি মরশুমে প্রথমবার হাতে বল তুলে নিয়েই তিনি তিন উইকেট ঝুলিতে ভরে ফেলেন। তাও আবার ২.১ ওভার বল করেই। কিন্তু একই সঙ্গে চিন্তায় রেখে দিলেন।
এদিন বোলিংয়ের সময় তিনি পায়ে চোট পান। তাঁকে খুঁড়িয়ে হাঁটতেও দেখা যায়। যদিও কেকেআর শিবির থেকে এখনও রাসেলের চোটের কী অবস্থা, সে বিষয়ে কিছু বলা হয়নি। শার্দুল ঠাকুর ওভারের বাকি ৫ বল করেন।
এদিকে পাহাড় প্রমাণ রানের বোঝা মাথায় নিয়েও গত ম্যাচের আত্মবিশ্বাসীই নাইট ব্যাটাররা ধরে রেখেছিলেন। গুজবাজ, ভেঙ্কটেশ আইয়ার ও সুনীল নারিন ব্যর্থ হলেও ওপেনার জগদীশন ৩৬ রান করেন।
আর এরপর অধিনায়ক নীতীশ রানা ও রিঙ্কু সিংয়ের জুটিতে সমর্থকরা নতুন করে জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিলেন। তবে ২২৮ রান তাড়া করে এর আগে কেকেআর কখনওই জেতেনি। এদিনই শেষরক্ষা হল না। তবে একাধিক ক্যাচ মিস না করলে আরও বড় ব্যবধানে জিততে পারত হায়দরাবাদ।
এদিন আবার ইডেনে ম্যাচ শুরুর আগে লারা ক্লাব হাউসের লোয়ার টিয়ারে বাজান ইডেন বেল। দর্শকরা সেই বিরল মুহূর্তেরও সাক্ষী রইলেন। সবমিলিয়ে খেলার ফল যা-ই হোক, ইডেন পয়লা উসুল করা একটি ম্যাচ উপহার পেল।







