আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের শুরুর ধাক্কা কাটতে না কাটতেই নতুন দুশ্চিন্তা— ফখর জামান চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন। করাচির ন্যাশনাল স্টেডিয়ামে নিউজিল্যান্ডের ইনিংসের দ্বিতীয় বলেই ফিল্ডিং করতে গিয়ে পিঠে অস্বস্তি অনুভব করেন ফখর। যদিও তিনি নিজেই হাঁটতে হাঁটতে ড্রেসিংরুমে ফেরেন, তবে তার অবস্থা পর্যবেক্ষণ করছে পিসিবির মেডিকেল টিম।
পাকিস্তান টিম ম্যানেজমেন্টের জন্য এটি বড় ধাক্কা, কারণ ফখর মূল একাদশে ওপেনার হিসেবে ছিলেন। চোটের কারণে নির্ধারিত সময়ের আগে তিনি ব্যাটিংয়ে নামতে পারবেন না, যা ব্যাটিং অর্ডারে বড় পরিবর্তন আনতে পারে। স্থানীয় সময় সন্ধ্যা ৬:২৬-এর আগে পাকিস্তান ব্যাটিংয়ে নামলে ফখরকে পাঁচ নম্বরে নামতে হবে, অন্যথায় তিনি ওপেনিংয়ে ফিরতে পারবেন।
পাকিস্তান এর আগেও সাইম আয়ুবের অনাকাঙ্ক্ষিত চোটের ধাক্কা সামলেছে, যার ফলে তাকে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে যেতে হয়। তার বদলে দলে ফিরেই দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন ফখর।
অন্যদিকে, ম্যাচ শুরুর আগে পাকিস্তান স্বস্তির খবরও পেয়েছিল, কারণ ইনজুরির কারণে শঙ্কায় থাকা হারিস রউফ শেষমেশ খেলছেন। পাকিস্তান ১৯৯৬ সালের পর প্রথমবারের মতো ঘরের মাঠে আইসিসি ইভেন্ট আয়োজন করছে, যেখানে বিশাল দর্শক সমাগম ও জমকালো উদ্বোধনী অনুষ্ঠান ছিল নজরকাড়া।







