নিকোলাস পুরান নামে এক ক্যারিবীয় ব্যাটারের ধ্বংসযজ্ঞের সাক্ষী থাকলো বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম। তাঁর এবং অজি ব্যাটার মার্কাস স্টোইনিসের জোড়া ব্যাটিং তাণ্ডবে ২১২ রান করেও হারের মুখ দেখতে হলো বিরাট কোহলিদের।
একটা দলের শেষ পাঁচ ওভারের স্ট্রাইক রেট সবচেয়ে ভাল। অন্য দলটির শেষ পাঁচ ওভারের ইকোনমি রেট সবচেয়ে খারাপ। প্রথমটি লখনউ সুপার জায়ান্টস। অন্যটি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আর এই দুই দল মুখোমুখি হওয়ায় প্রত্যাশিত ভাবেই জমে উঠল ম্যাচের শেষ পাঁচ ওভার।
পাহাড় প্রমাণ রান করেও লখনউ ব্যাটারদের জেদের জেরে ইডেন স্মৃতির পুনরাবৃত্তিই চিন্নাস্বামীতে ঘটালেন ফ্যাফ ডু প্লেসিরা। অন্যদিকে লখনউ সুপার জায়ান্টস অধিনায়ক কেএল রাহুলের মুখে চওড়া হাসি দেখা গেল।
আইপিএল মানেই বাউন্ডারি-ওভার বাউন্ডারির ফুলঝুরি। রীতিমতো অগ্নিপরীক্ষার সামনে বোলারদের দাঁড়াতে হয়। এদিন চিন্নাস্বামীতেও তার ব্যতিক্রম হয়নি। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে মারকাটারি ইনিংস খেলেন বিরাট কোহলি (Virat Kohli)। ৪৪ বলে ৬১ রানের মধ্যে হাঁকান চারটি চার ও চারটি ছক্কা। তবে কোহলির সঙ্গে অধিনায়ক ফ্যাফও খেলেন অধিনায়কোচিত ইনিংস।
এদিকে হাফ সেঞ্চুরি হাঁকান ম্যাক্সওয়েলও (৫৯)। মাত্র দু’উইকেট খুইয়েই ২১২ রান তুলে ফেলে আরসিবি। ঠিক যেমনটা ঘরের মাঠের সমর্থকরা চান, তেমনই ব্যাঙ্গালোর ব্যাটাররা ব্যাটিং উপহার দেন। কিন্তু হতাশ হয়েই স্টেডিয়াম ছাড়তে হল আরসিবি ভক্তদের। আরসিবি’র বোলাররা দলকে কঠিন পরিস্থিতির সামনে ফেলে দেন।
তারপর লখনউয়ের টপ অর্ডার ধাক্কা খেলেও মিডল অর্ডারে দুই তারকা স্টোইনিস এবং নিকোলাস পুরানের দুর্দান্ত ব্যাটিংয়েই গৌতম গম্ভীরের দল ঘুরে দাঁড়ায়। পুরানের দুই ওভারেই লখনউয়ের দিকে খেলা ঘুরে যায়। তাঁকে নিলামে নেওয়ার জন্য কেন লখনউ এত ছটফট করেছিল, তার প্রমাণ এদিন মিলল।
শেষবেলায় তিনটি উইকেট পড়লেও চাপের মুখে দাঁতে দাঁত চেপে টেল এন্ডাররা লড়াই চালিয়ে যান। এরপর ছক্কা হাঁকিয়ে হিট উইকেট হয়ে ফেরেন বাদোনি। ম্যাচ আরও জমে যায়। আবার জয়ের জন্য যখন আর এক রান দরকার, তখন নন-স্ট্রাইকার এন্ডে থাকা রবি বিষ্ণোইকে আউট করার চেষ্টা করেন হর্ষল। কিন্তু তাতেও ব্যর্থ হন। সব মিলিয়ে নানা প্রকারে আরসিবি প্রাণপণ চেষ্টা করলেও দিনটা যে রাহুলেরই ছিল। কোহলির ডেরাতেই কোহলিকে হারানোর উচ্ছ্বাস অতি গম্ভীর গৌতমও লুকোতে পারেননি।







