আইএসএলে (ISL 2023) ঠিক যেখানে শেষ করেছিল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) ঠিক সেখান থেকেই লিগ চ্যাম্পিয়নরা শুরু করলো সুপার কাপ (Super Cup 2023)। আইএসএল শিরোপা ছিনিয়ে নেওয়ার পর, সবুজ মেরুনের লক্ষ্য সুপার কাপ জিতে বুক ফুলিয়ে মরশুম শেষ করা।
আর কাপ অভিযানের প্রথম ম্যাচেই বিরাট জয় পেলেন জুয়ান ফেরান্দোর শিষ্যরা। শেষবার এএফসি কাপে এই গোকুলাম কেরলের সঙ্গে সাক্ষাতেই পরাস্ত হয় সবুজ-মেরুন শিবির। শুধু তাই নয়, দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার তিরিও সেই ম্যাচে চোট পেয়ে দীর্ঘদিনের জন্য ছিটকে যান।
কোঝিকোড়ে সোমবার সুপার কাপে নিজেদের প্রথম ম্যাচে সব যন্ত্রণার জবাব সুদে-আসলে দিলেন ফেরান্দোর ছেলেরা। দলগত পারফরম্যান্সে ঘরের মাঠেই কেরলকে নাস্তানাবুদ করল মোহনবাগান।
তারা আইএসএল চ্যাম্পিয়ন। সুতরাং তাদের বিরুদ্ধে লড়াইটা যে কঠিন হবে, তা গোকুলামের স্প্যানিশ কোচ ফ্রান্সিস বোনেট ভালই জানতেন। তবে গোকুলামকে ঠিকমতো না চেনাই ছিল মোহনবাগানের বিরুদ্ধে তাঁর মূল অস্ত্র। কিন্তু চ্যাম্পিয়নরা যে দীর্ঘ ছুটি কাটিয়েও দুরন্ত ছন্দে, তারই প্রমাণ মিলল এইএমএস স্টেডিয়ামে।
এদিন শুরু থেকেই বিপক্ষের ডেরায় আক্রমণ শানান পেত্রাতোসরা। খেলার সাত মিনিটেই যার ফল মেলে। দুরন্ত গোলে দলকে এগিয়ে দেন লিস্টন কোলাসো। ২৭ মিনিটে লং শটে কোলাসোই দর্শনীয় গোলটিও করেন।
সবুজ-মেরুন ব্রিগেড ম্যাচের প্রথমার্ধেই তিন গোলে এগিয়ে যায়। প্রথমার্ধের একেবারে শেষ লগ্নে কেরলের ডিফেন্ডারকে বোকা বানিয়ে বল জালে জড়িয়ে দেন হুগো বুমোস। স্বাভাবিকভাবেই তিন গোল হজম করে কেরলের আত্মবিশ্বাস নড়বড়ে হয়ে পড়ে।
তবে দ্বিতীয়ার্ধে একটি গোল শোধ করলেও অবশ্য বিশেষ লাভ হয়নি। কারণ ব্যবধান আরও বাড়িয়ে দেন মনবীর সিং এবং কিয়ান নাসিরি। ম্যাচের অতিরিক্ত সময়ে একেবার ফাঁকা গোল পেয়ে অতি অনায়াসে কিয়ান বল জালে জড়িয়ে দেন।
কোনও এক তারকার ভরসায় নয়, দলগতভাবেই যে শক্তিশালী মোহনবাগানরা, সেটাই এদিন স্পষ্ট। নিঃসন্দেহে এই আত্মবিশ্বাস নিয়েই পরের ম্যাচে ফেরান্দোর দল জামশেদপুরের মুখোমুখি হবে।







