সৈয়দ মুস্তাক আলি ট্রফির দল থেকে বাদ পড়ার ‘বদলা’। সেই রাগ মেটাতে ব্যাট হাতে নিজেদের অনূর্ধ্ব-১৯ দলের কোচের ওপর চড়াও হলেন পন্ডিচেরির তিন ক্রিকেটার। আঘাতে গুরুতর জখম হয়েছেন কোচ এস বেঙ্কটরমন। তার কপালে ২০টি সেলাই পড়েছে এবং কাঁধের হাড়ও সরে গিয়েছে বলে জানা গেছে।
পন্ডিচেরি ক্রিকেট মহলে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ উঠেছে, কার্তিকেয়ন, অরবিন্দ রাজ ও সন্তোষ কুমারন নামের তিন ক্রিকেটার এই হামলার সঙ্গে যুক্ত। তাদের দাবি, বেঙ্কটরমন নাকি ইচ্ছে করে তাদের সৈয়দ মুস্তাক আলি ট্রফির সিনিয়র দলে সুযোগ পেতে বাধা দিয়েছেন। কোচ বেঙ্কটরমনের অভিযোগ আরও মারাত্মক। তার দাবি, সোমবার সকালে যখন তিনি অনুশীলনে ব্যস্ত ছিলেন, তখন ওই তিন ক্রিকেটার তার ওপর ঝাঁপিয়ে পড়েন। তিনি সেদারাপেট থানায় দায়ের করা অভিযোগে জানিয়েছেন, ক্রিকেটাররা ‘খুনের পরিকল্পনা’ নিয়েই এই হামলা চালায়। কোচের আরও বক্তব্য, এই হামলার পেছনে পন্ডিচেরি ক্রিকেট ফোরামের সম্পাদক জি চন্দ্রনের প্রচ্ছন্ন উসকানি ছিল। বর্তমানে আহত কোচ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকেই অভিযুক্ত ক্রিকেটাররা পলাতক। তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। তবে এই সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন ক্রিকেট ফোরামের প্রধান সেন্থিল কুমারন। তার দাবি, বেঙ্কটরমনের নামে স্থানীয় ক্রিকেটারদের সঙ্গে খারাপ ব্যবহার ও অশালীন ভাষায় গালিগালাজ করার অনেক পুরোনো অভিযোগ রয়েছে। কুমারন জানান, সম্পাদকের বিরুদ্ধে কোচের ব্যক্তিগত আক্রোশ আছে, তাই তিনি জি চন্দ্রনের নাম জড়াচ্ছেন। ক্রিকেট ফোরামের পক্ষ থেকে গত সাত বছরে একাধিকবার বেঙ্কটরমনের ব্যবহারের বিষয়ে বিসিসিআইকে জানানো হয়েছে বলেও তিনি দাবি করেন।







