কাফা এশিয়ান কাপে কঠিন প্রতিপক্ষ ইরানের বিরুদ্ধে ০-৩ গোলের হারের পর ভারতীয় ফুটবল দলের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন থাকলেও কিছু ইতিবাচক দিকও চোখে পড়েছে। প্রত্যাশা ছিল না জয়, বরং দেখা গিয়েছিল প্রতিরোধ কতটা গড়ে তুলতে পারে ভারত। প্রথমার্ধে দৃঢ় ডিফেন্সে ইরানকে আটকাতে সক্ষম হয়েছিল দল। এমনকি ম্যাচের শেষ কোয়ার্টারে আক্রমণাত্মক হওয়ার চেষ্টাও নজরে আসে। জিতিন মাঠে নামার পর বল কন্ট্রোল ও পাস বাড়ানোয় কিছুটা আক্রমণাত্মক ধারাও তৈরি হয়েছিল। তবে এর ফলে ডিফেন্স ফাঁকা হয়ে শেষ দিকে দুটি গোল হজম করতে হয়েছে।
চিরাচরিত সমস্যাই আবারও সামনে এল—স্ট্যামিনার ঘাটতি। ৭৫ মিনিটের পর ভারতীয় খেলোয়াড়দের শক্তি ক্ষয় হতে শুরু করে। সন্দেশসহ ডিফেন্ডাররা শেষদিকে প্রায় হাল ছেড়ে দিয়েছিলেন, আর সেখানেই ইরান ফ্রেশ লেগ নামিয়ে ব্যবধান বাড়িয়ে নেয়। দ্বিতীয় বল জেতার অক্ষমতা দলকে বিপদে ফেলল বারবার। কর্নার বা সেটপিস থেকে বল ক্লিয়ার হলেও পরের বল ধরে রাখার মতো কেউ ছিলেন না।
তবু কিছু ইতিবাচক দিকও ছিল। বিশেষত ম্যান মার্কিং প্রথমার্ধে প্রশংসনীয়। ইরানের ছোট পাসে বক্সে ঢোকার পথ অনেকটাই রুদ্ধ করে রাখা হয়েছিল। রাহুল ভেকে ও উভেইস ভালো খেললেও মাঝমাঠে স্থিরতা ছিল না, ফারুকের অস্থিরতা প্রতিপক্ষকে সুযোগ দিয়েছে। সবচেয়ে বড় সমস্যা অবশ্যই স্ট্রাইকারের অভাব। সুনীল ছেত্রীর উত্তরসূরি এখনো খুঁজে পাওয়া যায়নি। বিদেশি স্ট্রাইকারদের ভরসায় আইএসএল চললেও দেশীয় ফরোয়ার্ডের বিকাশ থেমে গেছে।
হার সত্ত্বেও এই ম্যাচ ভারতের জন্য বাস্তবতা মেনে নেওয়ার শিক্ষা। বড় দলের বিপক্ষে বারবার মুখোমুখি হওয়াই একমাত্র উপায় উন্নতির। এখন অপেক্ষা আফগানিস্তানের বিরুদ্ধে শেষ ম্যাচের, যেখানে অন্তত জয়ের সম্ভাবনা রয়ে গেছে।







