শীর্ষ আদালতের নির্দেশে চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মী। স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে ১৮০৬ জন ‘দাগি’র নাম। এবার এই প্রেক্ষিতে সরব হলো বিজেপি। দলের দাবি, দাগিদের বাদ দিয়ে বাকি যোগ্য চাকরিহারাদের পুনর্বহালের জন্য অবিলম্বে পদক্ষেপ করুক রাজ্য সরকার।
এই দাবিতে সোমবার রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থকে চিঠি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্যদিকে, বিধানসভার বিশেষ অধিবেশনে বিষয়টি নিয়ে প্রস্তাব আনার জন্য অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠিয়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ।
চিঠিতে শুভেন্দু অধিকারী লিখেছেন, “এসএসসি-র প্রকাশিত তালিকা অনুযায়ী ১৮০৬ জন দাগি চিহ্নিত হয়েছেন। সেক্ষেত্রে বাকি শিক্ষকরা যোগ্য। তাঁদের পুনর্বহাল করা উচিত। রাজ্য সরকারের কাছে আমাদের অনুরোধ, সুপ্রিম কোর্টে এই মর্মে প্রস্তাব রাখা হোক—যাতে দাগিদের বাদ দিয়ে যোগ্যদের আগের পদে পুনর্বহাল করা যায়।” শুভেন্দু আরও উল্লেখ করেছেন, চাকরিহারাদের তিনটি সংগঠন ইতিমধ্যেই তাঁর সঙ্গে দেখা করে পুনর্বহালের দাবি জানিয়েছে। রাজ্য সরকার এ নিয়ে পদক্ষেপ করলে বিরোধী দল হিসেবে বিজেপি সম্পূর্ণ সহযোগিতা করবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।
অন্যদিকে, শঙ্কর ঘোষ তাঁর চিঠিতে লিখেছেন, যোগ্য চাকরিহারাদের পুনর্বহালের জন্য বিধানসভার বিশেষ অধিবেশনে একটি প্রস্তাব আনা হোক। তিনি স্পষ্ট জানিয়েছেন, সেই প্রস্তাবকে বিজেপি সমর্থন করবে।
এখন নজর রাজ্য সরকারের দিকে। বিজেপির চিঠির জবাবে সরকার কী পদক্ষেপ করে, তার দিকে তাকিয়ে শিক্ষামহল।







