বিনোদনরাজনীতি

মিলনমেলায় অনির্বাণের র‌্যাপে ‘তিন ঘোষ’, রাজনীতির মঞ্চেও গানের ঝড়

রবিবার মিলনমেলা প্রাঙ্গণে মঞ্চে উঠেছিল নতুন ব্যান্ড ‘হুলি-গান-ইজ়ম’। আর সেই ব্যান্ডের গায়ক-অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য গাইলেন এমন এক র‌্যাপ, যা মুহূর্তে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। নাম উঠে এল রাজনীতির প্রথম সারির তিন ঘোষের— কুণাল ঘোষ, দিলীপ ঘোষ এবং শতরূপ ঘোষ।

অনির্বাণের গানের লাইনেই শোনা গেল, “এসব গান বাজনা ছাড়, চল প্রোমোটারি করি, বড় গাড়ি চড়ি, ইলেকশনের মেজাজ বুঝে দলটা বদল করি!” এরপরেই তির্যক ভঙ্গিতে বললেন, “রেগে যাবে… রেগে যাবে কুণাল ঘোষ!”

কিন্তু কুণাল ঘোষ রাগ করেননি। উল্টে নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করে লিখলেন— “অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের নতুন ব্যান্ডের গান শুনে আমার দারুণ লেগেছে। একটু তির্যক? তাতে কী! কুণাল ঘোষ এসব মজা নিতে জানে।”

দিলীপ ঘোষকেও ছেড়ে কথা বলেননি অনির্বাণ। গানের ছত্রে উঠে এল লাইন— “ভাই আর এক ঘোষও আছে। দাদা খুবই রোম্যান্টিক। ঘোষ দিয়ে যায় চেনা। গয়না-দোকান সব তুলে দাও গরুর দুধে সোনা!” আর তখনই হাসি-ঠাট্টায় মেতে ওঠে দর্শকাসন।

শতরূপ ঘোষকেও আঘাত করল র‌্যাপের সুর। সহশিল্পীর কণ্ঠে শোনা গেল— “ওটা বিপ্লবীদের পার্টি, আর এক ঘোষও আছে। টিভির চ্যানেল পার্টি অফিস বড্ড হাঁটাহাঁটি। তাই কিনেছে গাড়ি। দামটা বেশি খুব, ফেসবুকেতে রাজা মোদের দাদা শতরূপ।”

শতরূপ ঘোষ অবশ্য মন্তব্য করেছেন অন্য সুরে। তাঁর কথায়, “শিল্প তো একটা আয়না। সমালোচনা যদি গানের মাধ্যমে আসে তাতে আমি কৃতজ্ঞ। আমরা চাই শিল্পীরা রাজনৈতিক অবস্থান নিক।”

রাজনৈতিক ব্যক্তিত্বদের সরাসরি নাম নিয়ে স্যাটায়ার তৈরি করলেও অনির্বাণ ভট্টাচার্য নিজে কোনও মন্তব্য করতে চাননি। টিভি৯ বাংলার তরফে যোগাযোগ করলে অভিনেতার সাফ জবাব— “এই বিষয়ে আমি কোনও মন্তব্য করতে চাই না।”

গান, ব্যান্ড, আর রাজনীতির নাম— সব মিলিয়ে অনির্বাণের র‌্যাপ এখন রাজ্যের আড্ডা থেকে ফেসবুক ওয়ালে— সর্বত্র আলোচনার কেন্দ্রে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.