দীর্ঘ দশ বছর পর অবশেষে মুক্তি পেতে চলেছে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত এবং দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনীত বহু প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’। নানা জটিলতা পেরিয়ে শেষ পর্যন্ত এই ছবির মুক্তির দিন ঘোষণা করা হয়েছে। চলতি বছরের ১৪ আগস্ট মুক্তি পাবে এই ছবি। আজ দেব-এর প্রযোজনা সংস্থার তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় ‘ধূমকেতু’র নতুন পোস্টার প্রকাশ করে মুক্তির তারিখ ঘোষণা করা হয়। পোস্টারে দেখা যাচ্ছে, ফায়ারপ্লেসের সামনে এক বৃদ্ধ বসে আছেন, পিছন দিক থেকে তোলা সেই ছবিতে স্পষ্ট দেবের নতুন রূপ। এই ছবিতে দেব-কে দেখা যাবে এক বৃদ্ধের চরিত্রে, প্রস্থেটিক মেকআপে সেই লুক ইতিমধ্যেই নজর কাড়ছে দর্শকের।
উল্লেখযোগ্যভাবে, ‘ধূমকেতু’ হল দেব-শুভশ্রী জুটির শেষ ছবি, যার শ্যুটিং হয়েছিল বহু বছর আগে। নানা কারণে এতদিন মুক্তি না পেলেও, এখন তা নতুনভাবে প্রচারের মাধ্যমে মুক্তি পাচ্ছে বলে জানালেন ছবির প্রযোজক রানা সরকার। তিনি বলেন,”এই ছবিটা ১০ বছর আগে শ্যুটিং করা হলেও আমরা একে নতুন ছবির মতো করেই প্রচার করব। বর্তমানে তো কমার্শিয়াল ছবি আবার জনপ্রিয়তা পাচ্ছে। ‘ধূমকেতু’ আদ্যপান্ত একটি কমার্শিয়াল ছবি। এর এক্স ফ্যাক্টর হল দেব-শুভশ্রী জুটির প্রত্যাবর্তন এবং কৌশিক গঙ্গোপাধ্যায়ের মতো পরিচালকের সঙ্গে তাঁদের এই কামব্যাক।”
রানা সরকার আরও জানান, বর্তমানে তাঁদের প্রযোজনা সংস্থার অন্য একটি ছবি ‘অঙ্ক কি কঠিন’ মুক্তি পেয়েছে এবং এখন সেই ছবির প্রচারে তাঁরা ব্যস্ত। তবে ‘ধূমকেতু’র প্রচারেও দেব ও শুভশ্রী সক্রিয়ভাবে অংশ নেবেন বলেই তিনি আশ্বাস দিয়েছেন। দর্শকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে, ‘ধূমকেতু’ নিয়ে বাংলা সিনেমার পর্দায় ফের একবার ফিরে আসছে জনপ্রিয় জুটি দেব-শুভশ্রী। এখন শুধু অপেক্ষা ১৪ আগস্টের।







