কলকাতারাজ্য

জনগণনায় শিক্ষকদের অংশগ্রহণ বাধ্যতামূলক, অস্বীকার করলে হতে পারে জেল-জরিমানা

এসআইআর প্রক্রিয়ার পর এবার শুরু হতে চলেছে জনগণনার প্রস্তুতি। আগেই রাজ্যে জনগণনা শুরুর কথা ঘোষণা করা হয়েছিল। সেই প্রেক্ষিতে শিক্ষকদের এই কাজে বাধ্যতামূলকভাবে যুক্ত করার নির্দেশ দিয়ে চিঠি পাঠানো হয়েছে। কলকাতা পুরনিগমের পক্ষ থেকে এই চিঠি জেলা স্কুল পরিদর্শকের (ডিআই) দফতরে পাঠানো হয়েছে।

চিঠিতে স্পষ্ট জানানো হয়েছে, জনগণনার কাজে শিক্ষক, সহকারী শিক্ষক এবং স্কুলের ক্লার্কদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। কেউ যদি এই দায়িত্ব পালনে অস্বীকৃতি জানান বা অনীহা দেখান, তাহলে তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে। এমনকি জরিমানা বা কারাদণ্ডের বিধানও রয়েছে।

নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, ২০২৭ সালের জনগণনা (Census-2027)-এর কাজে সংশ্লিষ্ট কর্মীদের অংশগ্রহণ বাধ্যতামূলক। কোনও গ্রহণযোগ্য কারণ ছাড়াই দায়িত্ব পালন করতে অস্বীকার করলে সেন্সাস অ্যাক্ট, ১৯৪৮-এর আওতায় ব্যবস্থা নেওয়া হবে।

আইন অনুযায়ী, অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ ১,০০০ টাকা পর্যন্ত জরিমানা এবং সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড হতে পারে। তবে জেলা স্কুল পরিদর্শকের দফতর সূত্রে জানা গিয়েছে, পঠনপাঠনের স্বার্থে কিছু শিক্ষকের ক্ষেত্রে ছাড়ের আবেদন জানানো হতে পারে। যদিও কলকাতা পুরনিগম এই বিষয়ে কোনও ব্যতিক্রমী আবেদন গ্রহণে অনিচ্ছুক বলে জানা গিয়েছে।

চিঠিতে আরও বলা হয়েছে, জনগণনার দায়িত্ব পালন থেকে বিরত থাকার সুযোগ নেই। কেন্দ্রীয় আইনের বিধান মেনেই এই কাজ সম্পন্ন করতে হবে। পাশাপাশি জেলা স্কুল পরিদর্শককে অনুরোধ করা হয়েছে, তিনি যেন প্রয়োজনীয় নির্দেশ জারি করে সব স্কুলের প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষিকাদের বিষয়টি দ্রুত অবহিত করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.