রাজ্যের সরকারি স্কুলগুলির ইউনিফর্মে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। শিক্ষা দফতর সূত্রে খবর, দীর্ঘদিন ধরে ব্যবহৃত নীল-সাদা রঙের পোশাকের পরিবর্তে আগামী শিক্ষাবর্ষ থেকে নতুন রঙের ইউনিফর্ম চালুর প্রস্তুতি শুরু হয়েছে। সেই লক্ষ্যে রাজ্যের সমস্ত সরকারি স্কুলে ইউনিফর্মের রং, কাপড়ের ধরন এবং প্রয়োজনীয়তা নিয়ে জেলা ভিত্তিক সমীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, প্রতিটি স্কুলকে ২০২২ সালের আগে তাদের বিদ্যালয়ে কোন রঙের ইউনিফর্ম ব্যবহার করা হতো, সেই তথ্যও জানাতে বলা হয়েছে। জেলা বিদ্যালয় পরিদর্শকদের মাধ্যমে এই তথ্য সংগ্রহ করে নির্দিষ্ট গুগল ফরম্যাটে রিপোর্ট জমা দিতে হবে। আগামী ১৫ দিনের মধ্যে সমস্ত জেলার রিপোর্ট শিক্ষা দফতরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
শিক্ষা দফতরের পরিকল্পনা অনুযায়ী, এই সমীক্ষার ভিত্তিতেই ২০২৭ সালের নতুন শিক্ষাবর্ষের জন্য ইউনিফর্মের কাপড় সংগ্রহ, বাজেট এবং সরবরাহের পরিকল্পনা চূড়ান্ত হবে। এমএসএমই ও বস্ত্র দফতরের সহযোগিতায় সময়মতো সমস্ত পড়ুয়ার হাতে নতুন ইউনিফর্ম পৌঁছে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০২২ সাল থেকে সরকারি স্কুলগুলিতে নীল-সাদা ইউনিফর্ম চালু হয়েছিল এবং পোশাকে বিশ্ববাংলা লোগোও ব্যবহার করা শুরু হয়। তবে সেই সিদ্ধান্ত নিয়ে কিছু স্কুলের আপত্তিও সামনে এসেছিল। বর্তমানে রাজ্যে প্রশাসনিক বিভিন্ন ক্ষেত্রে আগের রং ও প্রতীক পরিবর্তনের যে প্রক্রিয়া চলছে, তারই অংশ হিসেবে স্কুলের ইউনিফর্মেও পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে।
যদিও নতুন ইউনিফর্মের চূড়ান্ত রং কী হবে, সে বিষয়ে শিক্ষা দফতর এখনও আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা করেনি। সমীক্ষার রিপোর্ট পাওয়ার পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে সূত্রের দাবি।







