বিহারে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগে বড়সড় পদক্ষেপ করতে চলেছে রাজ্য সরকার। সরকারি স্কুলের প্রায় ৩ হাজার শিক্ষকের চাকরি বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে। অভিযোগ, ভুয়ো শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র ও জাল নথি জমা দিয়ে তাঁরা শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছিলেন।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ২০০৬ থেকে ২০১৫ সালের মধ্যে হওয়া বিভিন্ন শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে। এরপর তদন্তে নামে রাজ্য ভিজিল্যান্স ব্যুরো। দীর্ঘ তদন্তের পর জমা দেওয়া রিপোর্টে বহু নিয়োগে জাল নথি ব্যবহার এবং ভুয়ো ডিগ্রির মাধ্যমে চাকরি পাওয়ার অভিযোগের সত্যতা উঠে এসেছে বলে দাবি করা হয়েছে।
এই ঘটনার জেরে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে ইতিমধ্যেই একাধিক এফআইআর দায়ের হয়েছে। তাঁদের বিরুদ্ধে ফৌজদারি মামলাও চলছে। বিহারের শিক্ষামন্ত্রী মিথিলেশ তিওয়ারি জানিয়েছেন, তদন্তে যাঁদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে, তাঁদের চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু চাকরি বাতিলই নয়, এতদিন সরকারি কোষাগার থেকে পাওয়া বেতন ও বিভিন্ন ভাতাও ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন তিনি।
সরকারি সূত্রে আরও জানা গিয়েছে, প্রশাসনিক পদক্ষেপের আশঙ্কায় অভিযুক্তদের মধ্যে কয়েকজন ইতিমধ্যেই পদত্যাগ করেছেন। তবে পদত্যাগ করলেও তদন্ত থেকে রেহাই মিলবে না। তাঁদের বিরুদ্ধেও বিভাগীয় তদন্ত চালিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বিহারে এই পদক্ষেপকে শিক্ষক নিয়োগে স্বচ্ছতা ফেরানোর বড় উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে ভবিষ্যতে সরকারি নিয়োগে জাল নথি ব্যবহার রুখতে আরও কঠোর যাচাই প্রক্রিয়া চালুর দিকেও জোর দিচ্ছে রাজ্য সরকার।







