৬ জুলাইয়ের পর ফের ১৮ জুলাই পশ্চিমবঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই মাসে এটি তাঁর দ্বিতীয় রাজ্য সফর। দু’দিনের এই সফরে শিল্প এবং সংগঠন—দুই ক্ষেত্রেই একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন রাজ্য সরকার শিল্পায়নের উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। সেই লক্ষ্যেই বিভিন্ন শিল্প প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে চলেছে। সূত্রের খবর, আগামী ১৮ জুলাই হাওড়ার সাঁকরাইলে আমুলের অত্যাধুনিক দই উৎপাদন কারখানার উদ্বোধন করবেন অমিত শাহ। ওই অনুষ্ঠানকে কেন্দ্র করেই তাঁর এই সফরের পরিকল্পনা করা হয়েছে বলে জানা যাচ্ছে।
সাঁকরাইলে দুগ্ধজাত পণ্য প্রক্রিয়াকরণের একটি বৃহৎ কারখানা গড়ে তুলছে আমুল। সংস্থার দাবি, এটি বিশ্বের সবচেয়ে বড় দই উৎপাদন কেন্দ্রগুলির অন্যতম হতে চলেছে। রাজ্য সরকারের দাবি, ডবল ইঞ্জিন সরকারের শিল্পবান্ধব নীতির ফলেই আমুল-সহ একাধিক বড় সংস্থা পশ্চিমবঙ্গে বিনিয়োগে এগিয়ে এসেছে। উদ্বোধনী অনুষ্ঠানে অমিত শাহর পাশাপাশি উপস্থিত থাকার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য এবং শিল্প ও বাণিজ্যমন্ত্রী তাপস রায়ের। কারখানাটি চালু হলে এলাকায় উল্লেখযোগ্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলেই আশা করা হচ্ছে।
সফরের দ্বিতীয় দিন, ১৯ জুলাই, মূলত সাংগঠনিক বৈঠকে ব্যস্ত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে সংগঠনের ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা হতে পারে। পাশাপাশি দলের বিধায়ক ও সাংসদদের সঙ্গেও পৃথক বৈঠকের সম্ভাবনা রয়েছে। সব কর্মসূচি শেষ করে সেদিন বিকেলেই তাঁর দিল্লি ফিরে যাওয়ার কথা।







