বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সকে নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নয় স্পেন। উল্টে কিলিয়ান এমবাপেদের উদ্দেশে আত্মবিশ্বাসী বার্তা ছুড়ে দিয়েছেন স্প্যানিশ তরুণ তারকা লামিনে ইয়ামাল। তাঁর বিশ্বাস, সাম্প্রতিক সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে ফের ফ্রান্সকে হারাতে সক্ষম হবে স্পেন। আগামী ১৪ জুলাইয়ের সেমিফাইনালেই মিলবে সেই প্রশ্নের উত্তর।
কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে স্পেন। এই বিশ্বকাপে এখনও পর্যন্ত মাত্র একটি গোল হজম করেছে লুইস দে লা ফুয়েন্তের দল। অন্যদিকে ফ্রান্সের আক্রমণভাগ দুরন্ত ছন্দে রয়েছে। কিলিয়ান এমবাপে একাই করেছেন ৮ গোল, উসমান দেম্বেলের ঝুলিতে রয়েছে ৫টি। ছয় ম্যাচে ফরাসিদের মোট গোল ১৬। ফলে দুই শক্তিশালী দলের মহারণ ঘিরে উত্তেজনা তুঙ্গে।
সোমবার ১৯ বছরে পা দেবেন ইয়ামাল। সেমিফাইনালকে সামনে রেখে তিনি বলেন, “এই ম্যাচটার অপেক্ষায় ছিলাম অনেকদিন ধরে। বিশ্বকাপ শুরুর পর থেকেই এই লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি। বিশ্বের সেরা দুই দলের মুখোমুখি লড়াই হবে। যদি কেউ কাউকে ভয় পায়, তাহলে সেটা ফ্রান্সেরই হওয়া উচিত। কারণ আগেও আমরা ওদের হারিয়েছি। আমরা ভয় পাচ্ছি না। হয় ফ্রান্স টানা তৃতীয়বার বিশ্বকাপের ফাইনালে উঠবে, না হলে আমরা ওদের বিরুদ্ধে টানা তৃতীয় জয় তুলে নেব। কীভাবে খেলতে হবে, সেটা আমরা ভালোই জানি।”
সাম্প্রতিক পরিসংখ্যানও স্পেনের পক্ষেই কথা বলছে। ২০২৫ সালের নেশনস লিগের সেমিফাইনালে ৫-৪ গোলে ফ্রান্সকে হারিয়েছিল স্পেন, যেখানে জোড়া গোল করেছিলেন ইয়ামাল। তার আগে ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালেও ২-১ ব্যবধানে জয় পেয়েছিল স্পেন। সেই ম্যাচে ১৭ বছর বয়সে দুর্দান্ত গোল করে নজর কেড়েছিলেন ইয়ামাল।
চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত তাঁর গোল সংখ্যা মাত্র একটি। তবে ব্যক্তিগত পরিসংখ্যান নিয়ে ভাবতে নারাজ বার্সেলোনার এই তারকা। ইয়ামালের কথায়, “বিশ্বকাপ জিততে পারলে আমি কত গোল করেছি, সেটা কেউ মনে রাখবে না। আমাদের একমাত্র লক্ষ্য ট্রফি জেতা।” স্পেনের এই আত্মবিশ্বাসী বার্তা যে ইতিমধ্যেই ফ্রান্স শিবিরে পৌঁছে গিয়েছে, তা বলাই যায়।







