ভারতীয় ক্রিকেটে শুরু হয়েছে এক নীরব কিন্তু গভীর পরিবর্তনের সূচনা। কোচ গৌতম গম্ভীর ও প্রধান নির্বাচক অজিত আগরকরের যুগলবন্দীতে গড়ে উঠছে এক নতুন চিন্তাধারা—যেখানে ‘তারকা’ নয়, প্রয়োজন ‘টিমম্যান’-এর। সেই সংস্কারের মূলে উঠে এসেছেন এক নির্ভরযোগ্য সৈনিক—মহম্মদ সিরাজ। ইংল্যান্ডের বিরুদ্ধে টানা পাঁচ টেস্ট খেলে যে মানসিক ও শারীরিক দৃঢ়তার নিদর্শন রেখেছেন তিনি, তা ভারতীয় ক্রিকেটে ‘বিশ্রাম সংস্কৃতি’-র ইতি টানার পথ প্রশস্ত করছে।
এতদিন ধরে গুরুত্বপূর্ণ সিরিজে বিশ্রামের ছুতোয় দলের বাইরে ছিলেন অনেক ‘সিনিয়র’। কিন্তু এবার সেই সিদ্ধান্ত আর ক্রিকেটারদের হাতে থাকবে না। কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড়দের কড়া বার্তা দেওয়া হয়েছে—বিশ্রাম লাগলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কোচ এবং মেডিক্যাল টিম। সিরাজের মতো একজন ফাস্ট বোলার যখন টানা ১৮৫ ওভার বল করতে পারেন, তখন বাকিদের কাছেও সেই মানসিকতা প্রত্যাশিত।
এই পরিবর্তনের নেপথ্যে রয়েছে আরও বড় লক্ষ্য—ভারতীয় ক্রিকেটে একতার বার্তা। গম্ভীর আগেই রেঁধে খাওয়ার আলাদা ব্যবস্থার ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন, এবার শরীরচর্চা ও ধকল ব্যবস্থাপনাকেও দলগত পরিকাঠামোয় আনার পথে। বুমরাহ বা কোহলির মতো তারকারাও যে বাদ পড়তে পারেন, সেই বার্তাও স্পষ্ট।
দলের থেকে বড় কেউ নয়—এই মূলমন্ত্রেই গড়ে উঠছে গম্ভীর-যুগের ভারতীয় ক্রিকেট।







