গুয়াহাটির এক মাল্টিপ্লেক্সে চলন্ত সিনেমার মাঝে ঘটে গেল চাঞ্চল্যকর দুর্ঘটনা। রবিবার রাতে ‘মহাঅবতার নরসিমহা’ সিনেমা দেখার সময় হঠাৎই হলের ছাদের ফলস সিলিং ভেঙে পড়ে দর্শকদের ওপর। ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন, যাদের মধ্যে শিশুও রয়েছে। ঘটনাটি ঘটেছে গুয়াহাটির একটি পিভিআর মাল্টিপ্লেক্সে। প্রত্যক্ষদর্শীদের মতে, সিনেমা চলাকালীন আচমকাই সিলিংয়ের একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে দর্শকাসনে। মুহূর্তের মধ্যেই হলজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে চিৎকার করে উঠে পড়েন, কেউবা নিরাপদ আশ্রয়ের খোঁজে করিডোরে চলে যান।
সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই দুর্ঘটনার ভিডিও ও ছবি ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, হলের ভেতরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কাঁচের টুকরো ও সিলিংয়ের ভাঙা অংশ। আতঙ্কে দর্শকেরা নিজেদের আসন ছেড়ে উঠে দাঁড়িয়েছেন। সিনেমা হলের কর্মীরা দ্রুত উদ্ধার কাজে হাত দেন ও আহতদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। ঘটনার পরই সিনেমা প্রদর্শন বন্ধ করে দেওয়া হয় এবং পুরো হল খালি করা হয়। বর্তমানে সংশ্লিষ্ট হলটি বন্ধ রাখা হয়েছে এবং ঘটনাস্থলে চলছে তদন্ত।
জানা গিয়েছে, হলের কাঠামোগত দুর্বলতা নিয়েই সন্দেহ দেখা দিয়েছে, তা খতিয়ে দেখতে কাজ শুরু করেছে প্রশাসন। এদিকে, ‘মহাঅবতার নরসিমহা’ ছবিটি বক্স অফিসে দুর্দান্ত সাফল্য অর্জন করছে। মুক্তির দশদিন পরেও এর জনপ্রিয়তা তুঙ্গে। রবিবার একদিনেই ছবিটি আয় করেছে প্রায় ₹১৩.৪০ কোটি, মোট আয় গিয়ে দাঁড়িয়েছে ₹৮১.২৫ কোটিতে। এই দুর্ঘটনা নিয়ে এখনও পর্যন্ত পিভিআর কর্তৃপক্ষ কিংবা সংশ্লিষ্ট মল ম্যানেজমেন্ট কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।







