রবিবার সন্ধ্যায় গঙ্গার বুকে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা ও চলচ্চিত্র পরিচালক শঙ্কুদেব পণ্ডা। দীর্ঘদিনের পরিচিত এক সাংবাদিককে জীবনসঙ্গী হিসেবে বেছে নিলেন তিনি। কয়েক বছর আগে তাঁদের সম্পর্ক নিয়ে নানা জল্পনা তৈরি হলেও, এদিনের বিয়ের মাধ্যমে সেই সমস্ত জল্পনারই অবসান ঘটল।
বিয়ের অনুষ্ঠানে বাঙালি ঐতিহ্য মেনেই সম্পন্ন হয় সমস্ত আচার-অনুষ্ঠান। শঙ্কুদেবের পরনে ছিল লাল রঙের পাঞ্জাবি ও ধুতি। নববধূ সেজেছিলেন লাল বেনারসি শাড়িতে, সঙ্গে ছিল ঐতিহ্যবাহী সোনার গয়না। তার আগে গায়ে হলুদের অনুষ্ঠানেও দু’জনের পোশাকে মিল ছিল চোখে পড়ার মতো। শঙ্কুদেব পরেছিলেন হলুদ পাঞ্জাবি-ধুতি, আর কনে সেজেছিলেন হলুদ শাড়ি ও ফুলের অলঙ্কারে।
এই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনীতি, সংবাদমাধ্যম এবং বিনোদন জগতের বহু পরিচিত মুখ। ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন ও বন্ধুদের উপস্থিতিতে সম্পন্ন হয় শুভ পরিণয়।
রাজনীতির পাশাপাশি চলচ্চিত্র পরিচালনাতেও সক্রিয় শঙ্কুদেব পণ্ডা। সম্প্রতি তিনি তাঁর নতুন ছবি ‘অভয়া শক্তি’-র ঘোষণা করেছেন। আরজি কর হাসপাতালে ঘটে যাওয়া বহুচর্চিত ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হতে চলেছে এই ছবি। পরিচালনার পাশাপাশি ছবির চিত্রনাট্য নিয়েও তিনি কাজ করছেন। তাঁর দাবি, ঘটনাকে ঘিরে সামনে আসা একাধিক নতুন তথ্য এই ছবিতে তুলে ধরা হবে। ছবিটির প্রযোজনার দায়িত্বে রয়েছেন রানা সরকার। আগামী অগস্ট মাস থেকে শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
নতুন ছবির কাজ শুরু হওয়ার আগে ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন শঙ্কুদেব পণ্ডা। গঙ্গার বুকে আয়োজিত এই বিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে।







