খেলাধুলা

এমবাপের জোড়া রেকর্ড, সেনেগালকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ফ্রান্সের

বিশ্বকাপের মঞ্চে কিলিয়ান এমবাপে মানেই রেকর্ডের হাতছানি। ২০১৮ সালে মাত্র ১৮ বছর বয়সে বিশ্বকে নিজের প্রতিভার ঝলক দেখিয়েছিলেন তিনি। আট বছর পর সেই এমবাপেই আরও পরিণত, আরও ভয়ঙ্কর। আর সেই ধারাবাহিকতাই বজায় রেখে সেনেগালের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সে ফ্রান্সকে ৩-১ গোলে জিতিয়ে গড়লেন নতুন ইতিহাস।

ম্যাচের প্রথমার্ধে সেনেগাল ফ্রান্সকে যথেষ্ট চাপে রাখে। এমবাপেকে কড়া নজরে রেখেছিলেন সেনেগালের অভিজ্ঞ ডিফেন্ডার ক্যালিদু কৌলিবালি। ফলে ওসমান ডেম্বেলে, দুয়ে কিংবা এমবাপেরা আক্রমণে কাঙ্ক্ষিত সাফল্য পাচ্ছিলেন না। অন্যদিকে সাদিও মানে ও নিকোলাস জ্যাকসনের নেতৃত্বে পাল্টা আক্রমণের চেষ্টা চালায় সেনেগালও। তবে প্রথম ৪৫ মিনিটে কোনও দলই গোলের মুখ খুলতে পারেনি।

দ্বিতীয়ার্ধে ফরাসি কোচ দিদিয়ের দেশঁর একটি কৌশলগত পরিবর্তনই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। স্ট্রাইকারের জায়গা থেকে এমবাপেকে উইংয়ে সরিয়ে দেওয়া হয়। আর তাতেই খুলে যায় ফরাসি আক্রমণের দরজা। ৬৬ মিনিটে মাইকেল ওলিসের পাস থেকে গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন এমবাপে। এরপর সেনেগালের ঈসমাইলা সারের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়।

৮২ মিনিটে এমবাপের বাড়ানো বল থেকে দুরন্ত ফিনিশিংয়ে ব্যবধান বাড়ান ব্র্যাডলি বার্কোলা। যদিও ১৮ বছরের এমবায়ে গোল করে সেনেগালকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন। তবে যোগ করা সময়ে দুরন্ত শটে নিজের দ্বিতীয় গোলটি করে ম্যাচে শেষ পেরেকটি পুঁতে দেন এমবাপে। ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত করে ফ্রান্স।

এই ম্যাচেই ফরাসি ফুটবলের ইতিহাসে নতুন অধ্যায় লিখলেন রিয়াল মাদ্রিদ তারকা। ফ্রান্সের হয়ে ৯৯ ম্যাচে তাঁর গোলসংখ্যা পৌঁছাল ৫৮-তে, টপকে গেলেন অলিভিয়ের জিরুর ৫৭ গোলের রেকর্ড। একইসঙ্গে বিশ্বকাপে এমবাপের মোট গোলসংখ্যা দাঁড়াল ১৪, যা তাঁকে ফ্রান্সের কিংবদন্তি জাস্ট ফন্টেনের ১৩ গোলের রেকর্ডেরও ওপরে তুলে দিল। এখন নজর একটাই—বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড ভাঙতে আর কতটা এগোতে পারেন এমবাপে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.