রাজনীতি

রাজনীতির মঞ্চ থেকে রেকর্ডিং স্টুডিওতে, ঝালমুড়ির গানে কণ্ঠ দিলেন দিলীপ ঘোষ

রাজনৈতিক জীবনে তিনি স্পষ্টভাষী এবং অকপট মন্তব্যের জন্য পরিচিত। বিরোধীদের বিরুদ্ধে তীব্র আক্রমণ হোক বা বিতর্কের কেন্দ্রে থাকা— সব ক্ষেত্রেই নিজের আলাদা পরিচয় গড়ে তুলেছেন পশ্চিমবঙ্গের পঞ্চায়েতমন্ত্রী এবং খড়্গপুর সদরের বিজেপি বিধায়ক দিলীপ ঘোষ। তবে এবার রাজনৈতিক মঞ্চ ছেড়ে একেবারে অন্য ভূমিকায় দেখা গেল তাঁকে। হাতে মাইক্রোফোন, সামনে রেকর্ডিং স্টুডিও— ঝালমুড়িকে ঘিরে একটি ব্যতিক্রমী গানে কণ্ঠ দিলেন তিনি।

সোমবার সকালে নিউটাউনের ইকো পার্কে প্রাতঃভ্রমণ সেরে চিনার পার্ক এলাকার একটি রেকর্ডিং স্টুডিওয় পৌঁছন দিলীপ ঘোষ। সেখানে শিল্পী লোকেশ গিরি ও তাঁর স্ত্রী রিমাশ্রীর লেখা ও সুর করা ঝালমুড়ি-নির্ভর একটি গানের রেকর্ডিংয়ে অংশ নেন তিনি। গানটির কথায় বাঙালির প্রিয় এই রাস্তার খাবারকে ঘিরে রয়েছে নানা মজার উপমা ও ছন্দ। ‘আম আচারে টক মিলবে, অল্প দাও হে ভাই’, ‘চামচে নাড়ানাড়ি’ কিংবা ‘জিভে জল আনে ঝালমুড়ি’— এমন একাধিক পংক্তিতে সাজানো হয়েছে গানটি। ইতিমধ্যেই বিজেপি নেতা অনুপম হাজরার ফেসবুক পেজ থেকে প্রকাশিত ভিডিওটি সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে।

ঝালমুড়িকে ঘিরে রাজনৈতিক আলোচনা অবশ্য নতুন নয়। চলতি বছরের ১৯ এপ্রিল বিধানসভা নির্বাচনের প্রচারে ঝাড়গ্রামে একটি রাস্তার ধারের দোকানে দাঁড়িয়ে ঝালমুড়ি খেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দোকানির সঙ্গে তাঁর কথোপকথন এবং স্থানীয়দের সঙ্গে কাটানো সেই মুহূর্তের ভিডিও পরে তিনি নিজেই সামাজিক মাধ্যমে ভাগ করে নেন। মুহূর্তেই তা আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে।

এরপর কৃষ্ণনগরের এক নির্বাচনী সভায় সেই প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী মন্তব্য করেছিলেন, “আমি ঝালমুড়ি খেয়েছি, কিন্তু ঝাল লেগেছে তৃণমূলের।” তাঁর এই বক্তব্য রাজনৈতিক মহলে ব্যাপক সাড়া ফেলে। তারপর থেকেই বিজেপির বিভিন্ন কর্মসূচি ও রাজনৈতিক আলোচনায় ঝালমুড়ি যেন এক বিশেষ প্রতীক হয়ে ওঠে।

সরকার পরিবর্তনের পর জুন মাসে নয়াদিল্লিতে অনুষ্ঠিত এনডিএ-র এক বৈঠকেও ফের শিরোনামে আসে ঝালমুড়ি। সেই বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রী মোদিকে ঝালমুড়ি পরিবেশন করলে তাঁকে বলতে শোনা যায়, “ইয়ে ওয়ালা চাইয়ে।” সেই ভিডিওও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়।

এই রাজনৈতিক প্রেক্ষাপটের মধ্যেই এবার ঝালমুড়িকে কেন্দ্র করে তৈরি হওয়া নতুন গানে কণ্ঠ দিলেন দিলীপ ঘোষ। রাজনীতির বাইরের এই নতুন পরিচয় দর্শক-শ্রোতাদের কতটা আকৃষ্ট করবে, তা সময়ই বলবে। তবে ঝালমুড়িকে ঘিরে রাজনৈতিক স্মৃতি, মজাদার গানের কথা এবং দিলীপ ঘোষের অংশগ্রহণ— সব মিলিয়ে গানটি প্রকাশের পর যে নতুন করে চর্চার বিষয় হয়ে উঠবে, তা বলাই বাহুল্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.