নিজস্ব সংবাদদাতা: বঙ্গ সিপিএমে ফের যৌনকেলেঙ্কারির অভিযোগ। এ বার কেন্দ্রবিন্দু ছাত্র সংগঠন এসএফআই। সংগঠনের রাজ্য কমিটির এক নেতার বিরুদ্ধে কুপ্রস্তাব ও রাজনৈতিক প্রতিশোধ নেওয়ার অভিযোগ তুলে ইস্তফা দিলেন এক তরুণী নেত্রী। লিখিতভাবে উত্তর ২৪ পরগনা জেলা নেতৃত্বকে ইস্তফাপত্র পাঠিয়েছেন তিনি। বিষয়টি প্রকাশ্যে আসতেই অস্বস্তিতে দমদম-সহ জেলা সিপিএম নেতৃত্ব।
অভিযোগের কেন্দ্রে লেকটাউন এলাকার এক তরুণ ছাত্রনেতা। দক্ষিণ দমদমই তাঁর মূল রাজনৈতিক ক্ষেত্র। অন্যদিকে, অভিযোগকারী তরুণী দুর্গাপুরের বাসিন্দা হলেও পড়াশোনার কারণে গত কয়েক বছর ধরে দমদমে থাকতেন। সেই সূত্রেই ছাত্র রাজনীতিতে যুক্ত হন। অভিযোগপত্র ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে।
চিঠিতে তরুণীর অভিযোগ, অভিযুক্ত ছাত্রনেতা বারবার তাঁকে মদ্যপানের প্রস্তাব দিতেন এবং দমদম ক্যান্টনমেন্টে তাঁর ফাঁকা ফ্ল্যাটে যাওয়ার কথা বলতেন। প্রত্যাখ্যান করার পরেও চলতে থাকে উত্ত্যক্ত করা। অভিযোগ, ধারাবাহিকভাবে যৌন সম্পর্কের জন্য চাপ সৃষ্টি করা হচ্ছিল।
আরও বিস্ফোরক অভিযোগ— তরুণীকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে রাজ্য সিপিএমের ফেসবুক পেজে তাঁকে সংবাদ সঞ্চালিকা হিসেবে সুযোগ করে দেওয়া হবে। কিন্তু প্রস্তাব প্রত্যাখ্যান করার পর সেই সুযোগ থেকেও তাঁকে সরিয়ে দেওয়া হয়। অভিযোগ, তাঁকে ব্যবহার করে অন্য এক ছাত্রনেতার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ সাজানোরও চেষ্টা হয়েছিল।
উল্লেখযোগ্য, অভিযুক্ত নেতা দক্ষিণ কলকাতা আইন কলেজের প্রাক্তনী। ঘটনাচক্রে, এই কলেজেই টিএমসিপি-র এক নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা চলছে। সেই ঘটনায় শাসকদলের ছাত্র সংগঠনের বিরুদ্ধে সরব হয়েছিল এসএফআই। এ বার নিজেদেরই প্রাক্তনীকে নিয়ে বিপাকে পড়ল সংগঠন।
অভিযোগপত্রের অনুলিপি পাঠানো হয়েছে সিপিএম রাজ্য কমিটির সদস্য সায়নদীপ মিত্র, এসএফআই রাজ্য সম্পাদক-সভাপতি এবং উত্তর ২৪ পরগনা জেলা কমিটির কাছেও। জেলা সম্পাদক আকাশ কর জানিয়েছেন, “বুধবার অভিযোগটি হাতে পেয়েছি। সাংগঠনিক প্রক্রিয়া মেনেই পরবর্তী পদক্ষেপ করা হবে।”
দক্ষিণ দমদম অঞ্চলের এই ঘটনার জেরে ফের চাপে পড়ল এসএফআই তথা সিপিএমের উত্তর ২৪ পরগনা জেলা নেতৃত্ব।







